ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে প্রথমবারের মতো স্থলসেনা মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের দুই হাজার ৫০০ সদস্য বিশিষ্ট একটি দল উভচর আক্রমণকারী জাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’তে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। খবর আল জাজিরার।
সামরিক বিশ্লেষকদের মতে, এই মেরিন সেনাদলকে সংকটাপন্ন কোনো পরিস্থিতি মোকাবিলা অথবা ইরানি ভূখণ্ডের নির্দিষ্ট কোনো অংশ দখলের উদ্দেশ্যে মোতায়েন করা হতে পারে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই সরাসরি স্থলযুদ্ধের সম্ভাবনা এড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল, তবে এই বিশাল সেনাদল মোতায়েন প্রমাণ করে, ওয়াশিংটন ধীরে ধীরে তাদের সামরিক অবস্থান আরও শক্তিশালী করছে ও যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত খার্গ দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলো মার্কিন বাহিনী ‘নিশ্চিহ্ন’ করে দিয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি ইরানের তেল অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ৪৫০ ছাড়িয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় ১২ জন চিকিৎসকসহ আরও বহু মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০৩ জন শিশু রয়েছে।
ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় কাতার ও বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলো তাদের নাগরিকদের জন্য জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার সতর্কতা জারি করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক