মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় আকাশছোঁয়া, পেন্টাগনের হিসাব প্রকাশ
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতে বিপুল অর্থ গুণতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। যুদ্ধের মাত্র প্রথম ছয় দিনেই দেশটির সামরিক ব্যয় এক হাজার ১৩০ কোটি (১১.৩ বিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে।
স্থানীয় সময় গত মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন কংগ্রেসের এক রুদ্ধদ্বার বৈঠকে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রাথমিক ব্যয়ের হিসাব তুলে ধরেন। খবর আলজাজিরার।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ জানিয়েছে, এই বিশাল অংকের ব্যয় মূলত যুদ্ধের প্রথম ছয় দিনের সরাসরি অপারেশনাল খরচ হিসেবে গণ্য করা হয়েছে।
তবে কর্মকর্তাদের মতে, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই হিসাবে যুদ্ধের প্রস্তুতির জন্য আগে থেকে সৈন্য মোতায়েন বা সামরিক সরঞ্জামের বিশাল মজুত তৈরির খরচগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
সংশ্লিষ্ট বিশ্লেষক ও কর্মকর্তারা মনে করছেন, যুদ্ধের প্রকৃত খরচের পরিমাণ এই হিসাবের চেয়ে অনেক বেশি হবে। মূলত গত ১২ দিন ধরে চলা এই সংঘাতের আর্থিক দায়ভার ও বৈশ্বিক অর্থনীতির ওপর এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে ওয়াশিংটনে এখন গভীর উদ্বেগ তৈরি হচ্ছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে এই সংঘাতের সূত্রপাত ঘটে। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’ শুরু করে এবং ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এনটিভি অনলাইন ডেস্ক