বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে ইরানের ড্রোন হামলা
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম সপ্তাহ গড়াতেই সংঘাতের আঁচ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতে। শুক্রবার (৬ মার্চ) ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত বাণিজ্যিক কমপ্লেক্স ‘ফিন্যান্সিয়াল হারবার টাওয়ার’ লক্ষ্য করে রাতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ভবনটিতেই ইসরায়েলি দূতাবাস অবস্থিত। খবর আল জাজিরার।
রয়টার্সের তথ্যমতে, কমপ্লেক্সের কাছে পৌঁছানোর আগেই একটি ইরানি ড্রোনকে গুলি করে ধ্বংস করা হয়েছে।
শুধু বাহরাইন নয়, যুদ্ধের পরিধি এখন কাতার ও সৌদি আরব পর্যন্ত বিস্তৃত হয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার আল-খার্জ গভর্নরেটের পূর্ব দিকে একটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোহার আল-উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো একটি ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। উল্লেখ্য, এই ঘাঁটিতে বিপুল পরিমাণ মার্কিন সামরিক সম্পদ রয়েছে। এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) দোহায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
ইরানের এই ক্রমবর্ধমান হামলার মুখে উপসাগরীয় দেশগুলোর প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস ইরানের এই পদক্ষেপকে ‘অমার্জনীয় আক্রমণ’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান।
বর্তমানে তুরস্ক, আজারবাইজান ও অন্যান্য আরব রাষ্ট্রগুলোও এই ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি মোকাবিলায় কাতার ও বাহরাইনসহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের জন্য উচ্চ সতর্কবার্তা জারি করে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক