ইরানের নৌ সদর দপ্তর ও ৯টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ৯টি যুদ্ধজাহাজ ধ্বংস ও ডুবিয়ে দিয়েছে। এর পাশাপাশি ইরানি নৌবাহিনীর প্রধান সদর দপ্তরটিও ‘বিস্তরভাবে ধ্বংস’ করা হয়েছে বলে তিনি জানান।
আজ রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এই তথ্য জানান। খবর আলজাজিরার।
ট্রাম্প উল্লেখ করেন, ধ্বংস করা জাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি ‘তুলনামূলক বড় ও গুরুত্বপূর্ণ’ ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরানি নৌবহরের বাকি অংশগুলোর পেছনে ছুটছে। খুব শিগগিরই সেগুলো সমুদ্রের তলদেশে ভাসতে থাকবে।
সেন্ট্রাল কমান্ড থেকে জানানো হয়েছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে মার্কিন ও ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইরানি হামলার পাল্টা জবাব হিসেবে এই ব্যাপক নৌ-অভিযান চালানো হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ থেকে পরিচালিত এই হামলায় অত্যাধুনিক গাইডেড মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অবস্থানরত তিনটি মার্কিন ও ব্রিটিশ তেল ট্যাঙ্কারে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার ফলে ট্যাঙ্কারগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক