নিষেধাজ্ঞা উঠতেই সাজেকে পর্যটকের ঢল, ফিরছে প্রাণচাঞ্চল্য
পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ, দিগন্তজোড়া সবুজের সমারোহ আর পাহাড়ের চূড়া ছুঁয়ে ভেসে চলা মেঘের অপূর্ব মিতালি—প্রকৃতির এমন অনন্য রূপের টানে বারবার সাজেকে ছুটে যান ভ্রমণপিপাসুরা। কয়েক দিনের নীরবতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙামাটি জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক। ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর গতকাল শুক্রবার সকাল থেকেই সেখানে পর্যটকদের আগমন শুরু হয়। প্রথম দিনেই প্রায় ৮০০ পর্যটক সাজেকে পৌঁছেছেন।
চার দিনের স্থবিরতা কাটিয়ে পর্যটকদের এই ফিরে আসা শুধু পাহাড়ি জনপদটির সৌন্দর্য উপভোগের সুযোগই ফিরিয়ে আনেনি, নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় পর্যটন ব্যবসায়ও। কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ থেকে শুরু করে পরিবহন খাত—সবখানেই ফিরতে শুরু করেছে ব্যস্ততা।
সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুপর্ণ দেব বর্মন একটি বাসসকে জানান, চার দিন বন্ধ থাকার পর শুক্রবার প্রথম দিনেই প্রায় ৮শতাধিক পর্যটক সাজেকে পৌঁছেছেন।
এদিকে পাহাড়ের বুকে মেঘের আনাগোনা আর প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে অনেক পর্যটক আগাম বুকিংও নিশ্চিত করেছেন।
পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত স্থানীয় কটেজ ও রিসোর্টগুলো। পর্যটকদের আনাগোনা বাড়লে রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসায়ও গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কারণ, সাজেকের পর্যটন ঘিরে গড়ে ওঠা এসব ব্যবসার সঙ্গে জীবিকা জড়িয়ে আছে স্থানীয় অনেক মানুষের।
পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বাসস’কে জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সাজেক ভ্রমন এখন পর্যটকসহ সবার জন্য উন্মুক্ত করার পর থেকে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
পর্যটকরা যাতে কোনো ধরনের ভোগান্তি বা হয়রানি ছাড়া স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন, সে জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সতর্ক অবস্থানে রয়েছে।
নিরাপত্তা ও অনিবার্য কারণে গত কয়েক দিন ধরে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ ছিল। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে অনেক পর্যটকের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন ভ্রমণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন শুক্রবার থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়। আর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শুক্রবার সকাল থেকেই খাগড়াছড়ি হয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে সাজেকের দিকে পর্যটকবাহী যানবাহনের চলাচল শুরু হয়।
এদিকে সাজেকে পর্যটকদের এই নিরাপদ ও আনন্দঘন প্রত্যাবর্তনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাজেক পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া ও সার্বিক পরিবেশ অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে সাজেকে পর্যটকদের সমাগম আরও বাড়বে।
সব মিলিয়ে সাজেকে পর্যটকদের এই নিরাপদ প্রত্যাবর্তন স্থানীয় অর্থনীতি ও পর্যটন ব্যবসায় নতুন প্রাণের সঞ্চার করেছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)