কম্পিউটারে সমস্যা কোথায়, জানাবে উইন্ডোজের এই টুল
কম্পিউটার ব্যবহারের সময় হঠাৎ ব্লু স্ক্রিন, সফটওয়্যার ক্র্যাশ কিংবা ড্রাইভার বন্ধ হয়ে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যার নির্দিষ্ট কারণ খুঁজে বের করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কোন অ্যাপ বা সিস্টেমের ত্রুটির কারণে সমস্যা হচ্ছে, তা জানতে বিভিন্ন সেটিংস ও লগ পরীক্ষা করতে হয়।
তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই রয়েছে ‘রিলায়েবিলিটি মনিটর’ নামের একটি বিল্ট-ইন টুল। এটি কম্পিউটারে বিভিন্ন সময় দেখা দেওয়া ত্রুটি, সফটওয়্যার ক্র্যাশ ও সিস্টেমের স্থিতিশীলতার ইতিহাস সহজে দেখাতে পারে। ফলে আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল না করেই কম্পিউটারের সমস্যার সম্ভাব্য কারণ শনাক্ত করা সম্ভব।
যেভাবে চালু করবেন রিলায়েবিলিটি মনিটর
উইন্ডোজের প্রায় সব সংস্করণেই রিলায়েবিলিটি মনিটর সুবিধাটি ব্যবহার করা যায়। এটি চালু করতে প্রথমে কিবোর্ডের ‘উইন্ডোজ’ ও ‘আর’ বোতাম একসঙ্গে চেপে ‘রান’ উইন্ডো চালু করতে হবে। এরপর সেখানে perfmon /rel লিখে এন্টার চাপতে হবে। এ ছাড়া উইন্ডোজ ৮ বা পরবর্তী সংস্করণে স্টার্ট মেনুতে গিয়ে ‘রিলায়েবিলিটি’ লিখে সার্চ করলেও ‘ভিউ রিলায়েবিলিটি হিস্ট্রি’ অপশন পাওয়া যাবে। সেটিতে ক্লিক করলেই টুলটি চালু হবে।
কীভাবে বুঝবেন কম্পিউটারের সমস্যা
রিলায়েবিলিটি মনিটরে দিন ও তারিখ অনুযায়ী কম্পিউটারের কার্যক্রমের একটি বিস্তারিত তালিকা দেখা যায়। এতে সফটওয়্যার ইনস্টল, উইন্ডোজ আপডেট ও বিভিন্ন সিস্টেম পরিবর্তনের তথ্যের পাশাপাশি ত্রুটির ঘটনাও চিহ্নিত থাকে।
কোনো দিন গুরুতর সফটওয়্যার বা হার্ডওয়্যার সমস্যা দেখা দিলে সেই তারিখের পাশে লাল রঙের ক্রস চিহ্ন দেখায়। ওই চিহ্নে ক্লিক করলে কোন অ্যাপ বা সিস্টেমে সমস্যা হয়েছে, কখন হয়েছে এবং কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে-এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
এ ছাড়া প্রতিদিনের জন্য একটি স্থিতিশীলতার স্কোরও দেখানো হয়। কম্পিউটার দীর্ঘ সময় বড় কোনো ত্রুটি ছাড়া চললে স্কোর সাধারণত বেশি থাকে। তবে শুধু এই স্কোর দেখে কম্পিউটারের সার্বিক অবস্থা নির্ধারণ করা ঠিক নয়। কারণ, কম্পিউটার দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকলেও সাধারণত এই স্কোর বেশি দেখাতে পারে।
সমস্যার কারণ খুঁজে সমাধান করবেন যেভাবে
রিলায়েবিলিটি মনিটর সরাসরি কম্পিউটারের কর্মক্ষমতা বাড়ায় না বা কোনো ত্রুটি মেরামত করে না। তবে কোন অ্যাপ বা ড্রাইভারের কারণে বারবার সমস্যা হচ্ছে, তা শনাক্ত করতে এটি সহায়তা করে।
যেমন, নির্দিষ্ট কোনো সফটওয়্যার চালানোর সময় গ্রাফিকস কার্ডের ড্রাইভার ক্র্যাশ করলে সংশ্লিষ্ট দিনের ত্রুটির বিবরণে তা দেখা যেতে পারে। এরপর ওই অ্যাপ বা ড্রাইভার হালনাগাদ, পুনরায় ইনস্টল কিংবা প্রয়োজনে অপসারণ করে সমস্যা সমাধানের চেষ্টা করা যায়।
উইন্ডোজের ‘ইভেন্ট ভিউয়ার’ টুলেও এ ধরনের ত্রুটির তথ্য পাওয়া যায়। তবে সেখানে তুলনামূলক বেশি কারিগরি তথ্য থাকায় সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় বিষয় খুঁজে বের করা কঠিন হতে পারে।
রিলায়েবিলিটি মনিটরে তুলনামূলক সহজভাবে নির্দিষ্ট সময় ও ঘটনার ভিত্তিতে সমস্যার বিবরণ দেখা যায়। আর বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন হলে ইভেন্ট ভিউয়ার ব্যবহার করা যেতে পারে।

ফিচার ডেস্ক