এআই-চালিত স্মার্ট ডিভাইসের অভিজ্ঞতা দিতে অনারের আলফা স্টোর
রাজধানীর যমুনা ফিউচার পার্কে দেশের প্রথম ‘আলফা স্টোর’ চালু করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনার। এ স্টোরে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, টিভি, স্মার্টওয়াচসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য পাওয়া যাবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত ডিভাইসের সমন্বিত ইকোসিস্টেম ব্যবহারের অভিজ্ঞতাও নিতে পারবেন গ্রাহকেরা।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) চালু হওয়া স্টোরটি যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এখানে বিভিন্ন ডিভাইস কীভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে দৈনন্দিন কাজে সমন্বিতভাবে কাজ করে, তা সরাসরি দেখার ও ব্যবহারের সুযোগ থাকবে।
অনারের ‘আলফা প্ল্যান’-এর অংশ হিসেবে স্টোরটি চালু করা হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের শেনজেনে প্রথম আলফা স্টোর চালু করে প্রতিষ্ঠানটি। অনারের দাবি, বাংলাদেশে চালু হওয়া স্টোরটি চীনের বাইরে তাদের তৃতীয় আলফা স্টোর।
স্টোরটিতে অনারের বিভিন্ন স্মার্টফোনের পাশাপাশি নতুন রোবট ফোন, ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও টিভি রয়েছে। এ ছাড়া এআইওটি পণ্যের মধ্যে ইয়ারবাডস, ক্লিপ, হেডফোন ও স্মার্টওয়াচ পাওয়া যাবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইকোসিস্টেমের অন্যান্য পণ্য ও নতুন প্রযুক্তি পর্যায়ক্রমে বাংলাদেশের বাজারে আনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি, কান্ট্রি ডিরেক্টর লাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লিউ পেই হেইলি বলেন, বাংলাদেশে আলফা স্টোর চালু করা অনারের জন্য গর্বের বিষয়। নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, এ স্টোরের মাধ্যমে গ্রাহকেরা আলাদা ডিভাইসের পরিবর্তে সমন্বিত ইকোসিস্টেম হিসেবে পণ্যগুলো ব্যবহারের অভিজ্ঞতা পাবেন।
অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও বলেন, আলফা স্টোরে প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবন এক জায়গায় তুলে ধরা হয়েছে। এখানে গ্রাহকেরা সরাসরি দেখতে পারবেন, অনারের ডিভাইসগুলো কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী জেফার ও মাহতিম সাকিব। অনুষ্ঠানে অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ হাসানও উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক