ই-স্পোর্টস প্রেমীদের জন্য শুরু সার্কেল গেমিং এরিনা, পুরস্কার ২৫ লাখ টাকা
দেশের তরুণ গেমারদের প্রতিভা বিকাশ ও প্রতিযোগিতামূলক পরিবেশে দক্ষতা প্রদর্শনের সুযোগ দিতে বড় পরিসরে ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘সার্কেল গেমিং এরিনা’ আয়োজনের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। এ টুর্নামেন্টে বিজয়ীদের জন্য থাকছে মোট ২৫ লাখ টাকার পুরস্কার।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাজধানীতে রবি আজিয়াটা পিএলসির করপোরেট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ এবং হেড অব সার্কেল মার্কেটিং মো. আবদুল হাইসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে জনপ্রিয় দুটি গেম-পাবজি মোবাইল ও ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকা পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে। ১৮ নভেম্বর থেকে মাই সার্কেল অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে প্রতিটি অংশগ্রহণকারী দলের অন্তত একজন সদস্যের সার্কেল নম্বর থাকতে হবে।
আগের আসরে অংশ নেন আড়াই হাজারের বেশি গেমার
আগের আসরের সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশের ই-স্পোর্টস খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এবারের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা। এর আগের আসরে ২ হাজার ৫০০-এর বেশি গেমার অংশ নেন। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল সরাসরি সম্প্রচারের সময় ইউটিউবের পাবজি মোবাইল বিভাগে বিশ্বব্যাপী প্রথম স্থান অর্জন করে। এতে সাত লাখের বেশি দর্শক যুক্ত হন। টুর্নামেন্ট-সংশ্লিষ্ট কনটেন্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ কোটিরও বেশি ভিউ পায়।
সার্কেল দীর্ঘদিন ধরে গেমিং কমিউনিটির বিকাশে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। মোবাইল ম্যানিয়া, নেক্সট লেভেল গেমিং প্ল্যাটফর্ম এ ওয়ান ই-স্পোর্টসের সঙ্গে অংশীদারত্বের পাশাপাশি কোডাশপ ও মিডাসসহ ৮০টির বেশি গেমিং সেবা, ডেডিকেটেড গেমিং ডেটা প্যাক এবং সার্কেল ব্যালেন্সের মাধ্যমে ইন-গেম কেনাকাটার সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
গেমিংয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ
টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, বাংলাদেশের তরুণদের কাছে গেমিং এখন ক্যারিয়ার গঠন ও বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ার একটি বাস্তব মাধ্যমে পরিণত হয়েছে। গেমাররা তাই সার্কেলের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছেন।
তিনি বলেন, সার্কেল গেমিং এরিনার মাধ্যমে প্রতিভাবান গেমারদের জন্য বড় একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এবং তাঁদের সঙ্গে বিকশিত হবে এমন একটি ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে।
যেভাবে নিবন্ধন
সার্কেল গেমিং এরিনায় অংশ নিতে প্রথমে মাই সার্কেল অ্যাপ খুলতে হবে। এরপর সার্কেল গেমিং এরিনার ব্যানার নির্বাচন করে অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। পছন্দের গেমিং বিভাগ ও দলের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর নিবন্ধিত অংশগ্রহণকারীরা ই-মেইলের মাধ্যমে সার্কেল ডিসকর্ড সার্ভারে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
টুর্নামেন্টের সমাপনী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে ‘সার্কেল গেমিং এরিনা ফেস্ট’। এতে ল্যান ফরম্যাটে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ইভেন্টের তারিখ, খেলার সূচি ও সরাসরি সম্প্রচারের বিস্তারিত পরবর্তী সময়ে সার্কেলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে জানানো হবে।

এনটিভি অনলাইন ডেস্ক