Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
শাহজালাল রোহান
১২:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:০০, ১১ নভেম্বর ২০২৬
শাহজালাল রোহান
১২:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:০০, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভীর হুসাইন
নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আইসিটি মন্ত্রী
বারবার খুঁজতে হবে না, কুইক অ্যাক্সেসে এক ক্লিকেই প্রয়োজনীয় ফোল্ডার
সি ড্রাইভ লাল? উইন্ডোজের এই দুই কমান্ডে খালি করুন অপ্রয়োজনীয় ফাইল
গবেষণা ও দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক

মানের সঙ্গে কখনো আপস নয়, ১৪ কোটি গ্রাহকই আমাদের বড় অর্জন: জাকারিয়া শহীদ

শাহজালাল রোহান
১২:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:০০, ১১ নভেম্বর ২০২৬
শাহজালাল রোহান
১২:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:০০, ১১ নভেম্বর ২০২৬

বাংলাদেশের মোবাইল ফোনের বাজারে দীর্ঘ পথচলায় দেশীয় ব্র্যান্ড সিম্ফোনি অর্জন করেছে ১৪ কোটিরও বেশি গ্রাহকের মাইলফলক। ২০০৮ সালে যাত্রা শুরুর পর গ্রাহকের আস্থা ও ভালোবাসাকে সাফল্যের মূল ভিত্তি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। সাশ্রয়ী মূল্যে মানসম্মত প্রযুক্তিপণ্য, দেশীয়ভাবে মোবাইল ফোন উৎপাদন, রপ্তানির সম্ভাবনা, গ্রাহকসেবা, তথ্যের নিরাপত্তা-সব মিলিয়ে সামনে নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চায় সিম্ফোনি।

বর্তমানে স্মার্টফোনের বাড়তি দামের কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় যে চাপ তৈরি হয়েছে, সেই বাস্তবতায় কম দামের ‘ফুল-টাচ’ ফোনে স্মার্টফোনের মতো অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে স্থানীয় উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে ভবিষ্যতে অন্যান্য ইলেকট্রনিক পণ্য তৈরির পাশাপাশি বাংলাদেশের কারখানা থেকে বিদেশে মোবাইল ফোন রপ্তানির সম্ভাবনাও দেখছে তারা।

সিম্ফোনির ১৪ কোটিরও বেশি গ্রাহকের মাইলফলক, নতুন পণ্য ও প্রযুক্তি, স্থানীয় উৎপাদন, রপ্তানি, গ্রাহকসেবা, তথ্যের নিরাপত্তা, ই-বর্জ্য ব্যবস্থাপনা, এনইআইআর এবং নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা নিয়ে এনটিভি অনলাইনের সাথে কথা বলেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ। বিস্তারিত জানাচ্ছেন শাহজালাল রোহান।

এনটিভি অনলাইন : সিম্ফোনি ১৪ কোটি গ্রাহকের বিশাল মাইলফলক অর্জন করেছে। ব্র্যান্ডের কর্ণধার হিসেবে এই অর্জনকে কীভাবে দেখছেন?

জাকারিয়া শহীদ : সিম্ফোনির ১৪ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন আমাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটি সম্মান ও গর্বের বিষয়। ২০০৮ সালে আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেই শুরু থেকে আজকের এই দীর্ঘ পথচলায় আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস। একজন ব্র্যান্ডের কর্ণধার হিসেবে আমি বলব, এটিই আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা এবং সাফল্যের মূল ভিত্তি। আমাদের মূল কৌশল সবসময়ই খুব স্পষ্ট ছিল। আমরা চেয়েছি গ্রাহকদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী নতুন ও আধুনিক প্রযুক্তির পণ্য তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে। তবে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে গিয়ে আমরা কখনোই পণ্যের গুণগত মানের সঙ্গে আপস করিনি। আমাদের প্রথম অগ্রাধিকারই হলো গুণগত মান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবনগুলো পণ্যে যুক্ত করে গ্রাহকদের হাতে তুলে দেওয়াও আমাদের সাফল্যের অন্যতম চাবিকাঠি।

১৪ কোটি গ্রাহকের এই মাইলফলক আমাদের যাত্রার শেষ নয়, বরং নতুন শুরুর প্রেরণা। আমরা চাই আমাদের বিশাল সিম্ফোনি পরিবারের আস্থা ও ভালোবাসাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে। প্রযুক্তি যেভাবে প্রতিনিয়ত বদলে যাচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমরা কীভাবে নিজেদের খাপ খাইয়ে নিতে পারি এবং নতুন কিছু উপহার দিতে পারি, সেটিই এখন আমাদের মূল লক্ষ্য।

এনটিভি অনলাইন : বর্তমানে স্মার্টফোনের দাম অনেক বেড়ে গেছে। সাধারণ ক্রেতাদের জন্য এই সংকট মোকাবিলায় সিম্ফোনি কী ভাবছে?

জাকারিয়া শহীদ : স্মার্টফোনের দাম যেভাবে বেড়েছে, তাতে অনেক সাধারণ ক্রেতার জন্য তা কেনা কঠিন হয়ে পড়ছে। বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের পুরোনো ও জনপ্রিয় একটি ধারণাকে নতুন রূপে ফিরিয়ে আনার কথা ভাবছি। একসময় সিম্ফোনির ‘ফুল-টাচ’ ফোন ছিল, যা পুরোপুরি স্মার্টফোন না হলেও স্মার্টফোনের মতো অভিজ্ঞতা দিত। আমরা এখন সেই শ্রেণির ফোন নিয়ে নতুন করে ভাবছি, যাতে ক্রেতারা কম বাজেটের মধ্যেই স্মার্টফোনের মতো অনুভূতি পান। আগে এই ধরনের ফোনে বিনোদন বা সামাজিক যোগাযোগমাধ্যমের সুবিধা সীমিত ছিল। এখন আমরা আমাদের নিজস্ব উদ্ভাবন কাজে লাগিয়ে এসব টাচ ফোনের মধ্যেই ফেসবুক, টিকটক ও ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম যুক্ত করার পরিকল্পনা করছি। বিশেষ করে ঢাকার বাইরের বা প্রান্তিক অঞ্চলের গ্রাহকরা যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ও ইমোর মতো কলিং অ্যাপ বেশি ব্যবহার করেন। তাই সাশ্রয়ী মূল্যের এই হ্যান্ডসেটগুলো থেকেই যেন তারা এসব সুবিধা সহজে পান, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

কেবল ফোন বিক্রি করাই আমাদের লক্ষ্য নয়, বরং সারা দেশের গ্রাহকদের সন্তুষ্ট রাখাটাই আমাদের মূল উদ্দেশ্য। এজন্য দেশজুড়ে আমাদের একটি অত্যন্ত সুশৃঙ্খল ও শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক এবং বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।

এনটিভি অনলাইন : স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা কীভাবে দেখছেন?

জাকারিয়া শহীদ : আমরা এখন বাংলাদেশে কেবল ফোন সংযোজন করছি না, বরং পূর্ণাঙ্গভাবে এসএমটি প্রক্রিয়ায় প্রকৃত উৎপাদন করছি। এর পাশাপাশি স্থানীয়ভাবে ব্যাটারি ও চার্জার তৈরি করছি, যাতে ক্রেতাদের আরও সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করা যায়। ২০১৭ সালে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে বাংলাদেশে দক্ষ জনবল ও বিশাল সক্ষমতা তৈরি হয়েছে। আমাদের কারখানাগুলো অত্যন্ত নমনীয়। ফলে এখান থেকে কেবল মোবাইল ফোনই নয়, ভবিষ্যতে অন্যান্য আইওটি ও ইলেকট্রনিক পণ্যও উৎপাদন করা সম্ভব হবে।

এনটিভি অনলাইন : স্থানীয় উৎপাদনের পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ফোন বিদেশে রপ্তানির ক্ষেত্রে কী সম্ভাবনা দেখছেন?

জাকারিয়া শহীদ : রপ্তানির ক্ষেত্রে আগে কিছু নীতিগত প্রতিবন্ধকতা ছিল। তবে এ বছর সরকারি নীতিতে সেই বাধাগুলো তুলে নেওয়ায় রপ্তানির একটি বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু দেশীয় ব্র্যান্ড নয়, বিদেশি ব্র্যান্ডগুলোও চাইলে এখন বাংলাদেশের কারখানা থেকে ফোন উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারবে। একটি সুস্পষ্ট রোডম্যাপ ও সঠিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের ইলেকট্রনিক পণ্য খাত বিশ্ববাজারে বড় সাফল্য অর্জন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইলেকট্রনিক পণ্যে যেকোনো সময় কারিগরি ত্রুটি দেখা দিতে পারে। তাই আমাদের প্রথম অগ্রাধিকার গুণগত মান, এরপর সাশ্রয়ী মূল্য এবং তৃতীয়ত গ্রাহকসেবা। আমরাই প্রথম দেশের প্রতিটি জেলায় সেবাকেন্দ্র চালু করেছি।

বর্তমানে আমরা সেবাকে গ্রাহকদের আরও হাতের নাগালে নিয়ে এসেছি। কোনো গ্রাহককে এখন আর কষ্ট করে দূরের সেবাকেন্দ্রে আসতে হয় না। দেশের যেকোনো প্রান্তে থাকা আমাদের বিশাল খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতেই তিনি তাঁর হ্যান্ডসেট জমা দিয়ে যেতে পারেন। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় সেটি মেরামত করে আবার সেই বিক্রয়কেন্দ্রের মাধ্যমেই গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া হয়। ফোন মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। তাই গ্রাহককে যেন দীর্ঘসময় ফোন ছাড়া থাকতে না হয়, সেজন্য আমরা দ্রুততম সময়ে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে কাজ করছি।

এনটিভি অনলাইন : স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা নিয়ে গ্রাহকদের উদ্বেগ বাড়ছে। সিম্ফোনি গ্রাহকদের তথ্যের সুরক্ষায় কী ব্যবস্থা নিয়েছে?

জাকারিয়া শহীদ : স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় আমরা গ্রাহকদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে গুগলের মূল অনুমোদনপ্রাপ্ত সেবা ব্যবহার করি। ফলে আমাদের ফোনে অ্যান্ড্রয়েডের কোনো কপি বা নকল সংস্করণ ব্যবহার করি না, বরং সরাসরি গুগলের অনুমোদিত ও আসল সংস্করণ ব্যবহার করি। হ্যান্ডসেট বা ব্যবস্থাপনা স্তর থেকে আমাদের গ্রাহকদের তথ্য সুরক্ষিত থাকে। হ্যান্ডসেটের দিক থেকে আমরা নিরাপত্তা নিশ্চিত করলেও অনেক সময় গ্রাহকরা বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করতে গিয়ে নিজের অজান্তেই বিভিন্ন অনুমতি দিয়ে দেন। এর ফলে ওই অ্যাপগুলোর মাধ্যমে ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। সাধারণ ফিচার ফোনে তথ্য চুরির এমন ঝুঁকি কম থাকলেও দেশে স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে, তথ্যের নিরাপত্তার বিষয়টি ততই সংবেদনশীল হয়ে উঠছে।

বর্তমানে মানুষ ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করেন। যেমন চিকিৎসকের পরামর্শের জন্য নিজের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য। এসব সংবেদনশীল তথ্য নিরাপদ রাখতে ব্যবহারকারী কোন অ্যাপ ব্যবহার করছেন এবং সেই অ্যাপের নিজস্ব তথ্য নিরাপত্তা কেমন, তা যাচাই করা জরুরি। তবে যন্ত্র বা হ্যান্ডসেটের নিরাপত্তার দিক থেকে সিম্ফোনির গ্রাহকরা সবসময় নিরাপদ আছেন বলে আমি আশ্বস্ত করতে পারি।

এনটিভি অনলাইন : দেশে ইলেকট্রনিক বর্জ্য এখন বড় সমস্যা। সিম্ফোনি তাদের কারখানায় এই বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে করছে?

জাকারিয়া শহীদ: ইলেকট্রনিক বর্জ্য অবশ্যই পরিবেশের জন্য একটি বড় উদ্বেগ। আমরা সবসময় বলে আসছি, বাজারে যেসব পুরোনো সংস্কার করা হ্যান্ডসেট বিক্রি হয় বা অবৈধ বাজার রয়েছে, সেখান থেকেই মূলত প্রচুর ইলেকট্রনিক বর্জ্য তৈরি হচ্ছে। তবে আমাদের কারখানার নিয়ম মেনে চলার অংশ হিসেবে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা করি। প্রতিটি উৎপাদনের পর যে বর্জ্য বা অবশিষ্টাংশ থাকে, তা যথাযথভাবে ঘোষণা করা থাকে। পরবর্তীতে বিটিআরসি অনুমোদিত ও মনোনীত পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠানের কাছে সেগুলো হস্তান্তর করি এবং এর জন্য নিয়মিত সনদও গ্রহণ করি।

এটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গ্রাহকদের কাছে থাকা পুরোনো বা অচল হ্যান্ডসেটের ক্ষেত্রে আমরা এখনো সেই পর্যায়ের সচেতনতা দেখতে পাচ্ছি না। দেখা যায়, একটি পুরোনো ফোন নষ্ট হয়ে যাওয়ার পরও গ্রাহক সেটি স্মৃতি হিসেবে বা বাচ্চাদের খেলনা হিসেবে ঘরেই রেখে দেন। এর ফলে অজান্তেই প্রতিটি ঘরে একটি ইলেকট্রনিক বর্জ্য জমার জায়গা তৈরি হচ্ছে। আমরা মাঝখানে একবার এ নিয়ে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছিলাম। তবে এটি কেবল একটি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়।

এটি জাতীয় পর্যায়ে করতে হবে। দেশের সব মোবাইল ব্র্যান্ড ও সরকারি পর্যায় থেকে একটি বড় সচেতনতামূলক প্রচারাভিযান চালু করা জরুরি। এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে নির্দিষ্ট পুনর্ব্যবহার বাক্স থাকবে এবং গ্রাহকরা তাঁদের পুরোনো বা নষ্ট হ্যান্ডসেট সেখানে জমা দিতে পারবেন। সরকারের সঠিক নির্দেশনা এবং সব প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল গ্রাহক পর্যায়ের এই ইলেকট্রনিক বর্জ্যকে সঠিক ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা সম্ভব।

এনটিভি অনলাইন : দেশের মোবাইল খাতে শৃঙ্খলা ফেরাতে এনইআইআর ব্যবস্থা এখনো পুরোপুরি কার্যকর হয়নি কেন? মূল বাধা কোথায়?

জাকারিয়া শহীদ : এনইআইআর বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছি এবং পদক্ষেপ গ্রহণ করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবারই আমাদের সেখানে থামতে হয়েছে। মূলত এই ব্যবস্থা কার্যকর হলে যাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে-সেটি বৈধ বা অবৈধ যেভাবেই হোক-তাদের পক্ষ থেকেই সবসময় বড় ধরনের বাধা এসেছে। আমরা এই বিষয়গুলো কাটিয়ে কীভাবে একটি সঠিক ও কার্যকর প্রক্রিয়ায় সামনে এগোনো যায়, তা নিয়ে কাজ করছি। আগের প্রক্রিয়ায় ফোনের নিবন্ধন ও নিবন্ধন বাতিলের বিষয়টি বেশ জটিল ছিল। আমরা বলেছি, এই প্রক্রিয়াটিকে আরও সহজ করে দিতে হবে, যাতে সাধারণ গ্রাহকদের কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়। বর্তমানে এটি সহজ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

আমি মনে করি, দেশের সামগ্রিক নিরাপত্তা এবং গ্রাহকদের সুরক্ষার জন্য এনইআইআর ব্যবস্থা অবশ্যই দরকার। এটি চালু হলে সরকারের রাজস্ব সুরক্ষার পাশাপাশি মোবাইল হ্যান্ডসেটের বাজারে একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে। বর্তমানে অনেক ক্রেতা নতুন ফোন ভেবে অজান্তেই পুরোনো বা সংস্কার করা হ্যান্ডসেট কিনে প্রতারিত হচ্ছেন। এনইআইআর কার্যকর হলে এই ধরনের প্রতারণা ও অবৈধ বাজার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। বিশ্বের অনেক দেশেই এই ব্যবস্থা সফলভাবে চলছে। আমাদের দেশেও কোন প্রক্রিয়ায় এটি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করা যায়, তা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যকর করা জরুরি।

এনটিভি অনলাইন : অনেক সময় ফোনে নেটওয়ার্ক বা কল ড্রপের অভিযোগ পাওয়া যায়। হ্যান্ডসেটের মান যাচাই ও নেটওয়ার্ক স্থিতিশীল রাখতে সিম্ফোনি কী পদক্ষেপ নেয়?

জাকারিয়া শহীদ : হ্যান্ডসেট হিসেবে আমাদের ফোনে নেটওয়ার্কের কোনো ত্রুটি নেই। কারণ, আমরা প্রতিটি হ্যান্ডসেট বাজারে ছাড়ার আগে দেশের বিভিন্ন স্থানে নিয়ে সরাসরি মাঠপর্যায়ে পরীক্ষা করি। তবে অনেক সময় টুজি ও ফোরজি নেটওয়ার্কের সংযোগস্থলে কল ড্রপের সমস্যা দেখা দেয়। যেখানে টুজি নেটওয়ার্ক শেষ হচ্ছে এবং ফোরজি শুরু হচ্ছে, সেখানে কিছু ক্ষেত্রে একটি ফাঁক থেকে যায়। আমরা বিটিআরসি ও অপারেটরদের সঙ্গে মিলে এসব এলাকা চিহ্নিত করার কাজ করছি। প্রয়োজনে ফোনের সফটওয়্যার হালনাগাদ দিয়েও বিষয়টি সমাধানের চেষ্টা করি, যাতে গ্রাহক নেটওয়ার্কের কোনো ঘাটতি অনুভব না করেন।

সারা বাংলাদেশে টুজি নেটওয়ার্কের কোথাও কোনো ফাঁক নেই। মানুষের ঘরের ভেতরে বা বাইরে-সব জায়গাতেই শতভাগ টুজি নেটওয়ার্ক পাওয়া যায়। কিন্তু ফোরজির ক্ষেত্রে অনেক জায়গায় ঘরের ভেতরে, ছাদের ওপরে বা নিচে নেটওয়ার্কের কিছুটা দুর্বলতা রয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীদের ইন্টারনেটসেবা নিশ্চিত করতে হলে ফোরজির এসব এলাকা আরও উন্নত করতে হবে। এ বিষয়ে আমরা নিয়মিত অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি। নেটওয়ার্ক উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। সামনে দেশে ফাইভজি আসছে। ফাইভজি চালু হলে আমাদের ফোরজি নেটওয়ার্ক অবকাঠামোও আরও শক্তিশালী হবে এবং গ্রাহকরা আরও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা পাবেন বলে আমরা আশাবাদী।

এনটিভি অনলাইন: ১৪ কোটি গ্রাহকের এই বিশাল অর্জনের পর গ্রাহক ও অংশীদারদের উদ্দেশ্যে আপনার বার্তা কী?

জাকারিয়া শহীদ : আমরা সিম্ফোনিকে কেবল একটি ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে দেখি না, বরং এটিকে একটি বিশাল পরিবার মনে করি। আমাদের ১৪ কোটির বেশি গ্রাহক, দেশজুড়ে ছড়িয়ে থাকা খুচরা বিক্রয় অংশীদার এবং উৎপাদন অংশীদার-সবাইকে নিয়েই আমাদের এই পরিবার। পরিবারের সদস্যদের মতোই সবাইকে মূল্যায়ন করার চেষ্টা করেছি। সবার সম্মিলিত ভালোবাসা ও সমর্থনই আমাদের আগামী দিনে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়।

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

৪ ঘন্টা আগে
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভীর হুসাইন
১০ নভেম্বর ২০২৬
নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আইসিটি মন্ত্রী
০৯ নভেম্বর ২০২৬
বারবার খুঁজতে হবে না, কুইক অ্যাক্সেসে এক ক্লিকেই প্রয়োজনীয় ফোল্ডার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আইসিটি মন্ত্রী
  2. বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যের বহুখাতীয় কর্ম-পরিকল্পনা চূড়ান্ত
  3. বারবার খুঁজতে হবে না, কুইক অ্যাক্সেসে এক ক্লিকেই প্রয়োজনীয় ফোল্ডার
  4. সি ড্রাইভ লাল? উইন্ডোজের এই দুই কমান্ডে খালি করুন অপ্রয়োজনীয় ফাইল
  5. গবেষণা ও দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
  6. শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x