বারবার খুঁজতে হবে না, কুইক অ্যাক্সেসে এক ক্লিকেই প্রয়োজনীয় ফোল্ডার
ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করার সময় প্রতিদিনের প্রয়োজনীয় কোনো ফাইল বা ফোল্ডার বারবার খুঁজে বের করা বেশ সময়সাপেক্ষ। উইন্ডোজের ‘কুইক অ্যাক্সেস’ সুবিধা ব্যবহার করে এসব ফোল্ডার সহজেই হাতের কাছে রাখা যায়। ফলে প্রতিবার ড্রাইভ বা একাধিক ফোল্ডারে ঢুকে খোঁজার প্রয়োজন হয় না।
ফোল্ডার কুইক অ্যাক্সেসে রাখবেন যেভাবে
প্রথমে কম্পিউটারের যে ফোল্ডারটি নিয়মিত ব্যবহার করেন, সেটি খুঁজে বের করুন। এরপর ফোল্ডারটির ওপর মাউসের ডান বাটনে ক্লিক করুন।
খুলে যাওয়া মেনু থেকে ‘পিন টু কুইক অ্যাক্সেস’ অপশনটি নির্বাচন করুন।
এতেই ফোল্ডারটি ফাইল এক্সপ্লোরারের কুইক অ্যাক্সেস তালিকায় যুক্ত হয়ে যাবে। পরবর্তী সময়ে ফাইল এক্সপ্লোরার খুললেই বাম পাশে থাকা কুইক অ্যাক্সেস থেকে এক ক্লিকেই ওই ফোল্ডারে প্রবেশ করা যাবে।
বিশেষ করে যাঁরা প্রতিদিন একই প্রকল্পের ফাইল, অফিসের নথি, ছবি বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা ব্যবহার করেন, তাঁদের জন্য এই সুবিধাটি বেশ কার্যকর।
প্রয়োজনে কুইক অ্যাক্সেস থেকে কোনো ফোল্ডার সরিয়েও দেওয়া যায়। এ জন্য পিন করা ফোল্ডারের ওপর ডান বাটনে ক্লিক করে ‘আনপিন ফ্রম কুইক অ্যাক্সেস’ নির্বাচন করতে হবে।
উইন্ডোজের এই ছোট সুবিধা ব্যবহার করলে নিয়মিত ব্যবহৃত ফোল্ডার খুঁজতে সময় যেমন কমবে, তেমনি কাজের গতি বাড়বে।

এনটিভি অনলাইন ডেস্ক