ল্যাপটপে ওয়াই-ফাই বারবার ডিসকানেক্ট হলে, যে ২ উপায় চেষ্টা করবেন
ল্যাপটপ বা কম্পিউটারে ওয়াই-ফাই ব্যবহারের সময় অনেকেরই সংযোগ বারবার বিচ্ছিন্ন হওয়ার সমস্যা দেখা দেয়। নেটওয়ার্কে একবার সংযোগ হওয়ার পর কিছুক্ষণ পরপর তা ডিসকানেক্ট হয়ে যায়। আবার ম্যানুয়ালি সংযোগ করেও সমস্যার স্থায়ী সমাধান পাওয়া যায় না।
এ ধরনের সমস্যার কারণ একাধিক হতে পারে। তবে থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহার না করেই উইন্ডোজের কিছু বিল্ট-ইন সেটিংস পরীক্ষা করে দেখা যায়। এর মধ্যে নেটওয়ার্কের স্বয়ংক্রিয় সংযোগ এবং নেটওয়ার্ক রিসেটের বিষয়টি গুরুত্বপূর্ণ।
১. স্বয়ংক্রিয় সংযোগের সেটিংস পরীক্ষা করুন
ল্যাপটপের আশপাশে একাধিক পরিচিত ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকলে স্বয়ংক্রিয়ভাবে সংযোগের সেটিংসের কারণে কখনো কখনো কাঙ্ক্ষিত নেটওয়ার্ক নির্বাচন নিয়ে সমস্যা হতে পারে। তাই সংশ্লিষ্ট নেটওয়ার্কের সংযোগ সেটিংস পরীক্ষা করে নিতে পারেন।
ধাপ ১: টাস্কবারের ওয়াই-ফাই আইকনে ক্লিক করুন এবং বর্তমানে সংযুক্ত নেটওয়ার্কের প্রোপার্টিজ অপশনে যান।
ধাপ ২: সেখানে নেটওয়ার্ক প্রোফাইল পাবলিক নাকি প্রাইভেট, তা পরীক্ষা করুন। প্রয়োজন অনুযায়ী প্রোফাইল নির্বাচন করুন। সাধারণত ব্যক্তিগত ও বিশ্বস্ত হোম নেটওয়ার্কের ক্ষেত্রে ‘প্রাইভেট’ প্রোফাইল ব্যবহার করা যায়।
ধাপ ৩: একই জায়গায় ‘কানেক্ট অটোমেটিক্যালি হোয়েন ইন রেঞ্জ’ অপশনটি থাকলে সেটি প্রয়োজন অনুযায়ী চালু বা বন্ধ করুন। বিশেষ করে একাধিক পরিচিত ওয়াই-ফাই নেটওয়ার্কের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ পরিবর্তনের সমস্যা হলে এই সেটিংস পরীক্ষা করে দেখা যেতে পারে।
তবে শুধু এই সেটিংস পরিবর্তন করলেই সব ক্ষেত্রে ওয়াই-ফাই ডিসকানেক্টের সমস্যা সমাধান হবে-এমন নিশ্চয়তা নেই।
২. উইন্ডোজের নেটওয়ার্ক রিসেট ব্যবহার করুন
দীর্ঘদিন ব্যবহারের পর নেটওয়ার্ক কনফিগারেশন বা সংযোগ-সংক্রান্ত কিছু সেটিংসে সমস্যা তৈরি হলে উইন্ডোজের নেটওয়ার্ক রিসেট কাজে লাগতে পারে। এটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার ও সংশ্লিষ্ট সেটিংস পুনরায় নির্ধারণ করে।
ধাপ ১: সেটিংস খুলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে যান।
ধাপ ২: অ্যাডভান্সড নেটওয়ার্ক সেটিংস নির্বাচন করুন।
ধাপ ৩: নিচের দিকে থাকা নেটওয়ার্ক রিসেট অপশনে ক্লিক করুন এবং রিসেট নাউ নির্বাচন করুন।
রিসেট করার পর উইন্ডোজকে পুনরায় চালু করতে হতে পারে। এরপর আবার আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক নির্বাচন করে পাসওয়ার্ড দিয়ে সংযোগ করতে হবে। নেটওয়ার্ক রিসেট করার আগে মনে রাখা দরকার, এতে সংরক্ষিত কিছু নেটওয়ার্ক সেটিংস ও সংযোগ কনফিগারেশন মুছে যেতে পারে। তাই প্রয়োজনীয় তথ্য, বিশেষ করে ওয়াই-ফাই পাসওয়ার্ড, আগে নিশ্চিত করে রাখা ভালো।
সমস্যা থাকলে আরও যেসব বিষয় দেখবেন
এই দুটি পদ্ধতি চেষ্টা করার পরও ওয়াই-ফাই বারবার বিচ্ছিন্ন হলে সমস্যাটি শুধু উইন্ডোজের সেটিংসে নাও হতে পারে। রাউটার থেকে দূরত্ব, দুর্বল সিগন্যাল, রাউটারের সমস্যা, নেটওয়ার্ক অ্যাডাপ্টারের চালক সফটওয়্যার বা বিদ্যুৎ সাশ্রয়ী সেটিংসও কারণ হতে পারে।
তাই সমস্যা অব্যাহত থাকলে রাউটার পুনরায় চালু করা, ওয়াই-ফাই অ্যাডাপ্টারের চালক সফটওয়্যার হালনাগাদ করা এবং অন্য ডিভাইসে একই নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে কি না-এসবও পরীক্ষা করে দেখা উচিত।

এনটিভি অনলাইন ডেস্ক