সি ড্রাইভ লাল? উইন্ডোজের এই দুই কমান্ডে খালি করুন অপ্রয়োজনীয় ফাইল
কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারের সময় সি ড্রাইভের জায়গা কমে গিয়ে লাল সংকেত দেখানো বেশ সাধারণ সমস্যা। স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে গেলে কম্পিউটারের গতি কমে যেতে পারে। এ অবস্থায় থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহার না করেও উইন্ডোজের বিল্ট-ইন ডিস্ক ক্লিনআপ সুবিধা কাজে লাগিয়ে অপ্রয়োজনীয় ফাইল মুছে জায়গা খালি করা যায়।
প্রথম ধাপ: ক্লিনআপ সেটিংস নির্ধারণ
প্রথমে কীবোর্ডে উইন্ডোজ + আর একসঙ্গে চাপুন। এতে ‘রান’ কমান্ড বক্স খুলবে।
বক্সে নিচের কমান্ডটি লিখে এন্টার চাপুন:
cleanmgr /sageset:1
এরপর ডিস্ক ক্লিনআপের একটি তালিকা দেখা যাবে। সেখানে টেম্পোরারি ফাইল, রিসাইকেল বিনসহ যেসব অপ্রয়োজনীয় ফাইল মুছতে চান, সেগুলো নির্বাচন করুন। এরপর ওকে চাপুন।
দ্বিতীয় ধাপ: ক্লিনআপ চালু করা
আবার উইন্ডোজ + আর চাপুন। এবার রান বক্সে লিখুন:
cleanmgr /sagerun:1
এরপর এন্টার চাপলে আগের ধাপে নির্বাচিত ক্যাটাগরির ফাইলগুলো মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে।
কতটা জায়গা খালি হবে, তা কম্পিউটারে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইলের পরিমাণের ওপর নির্ভর করবে। তাই নিয়মিত ডিস্ক ক্লিনআপ করলে সি ড্রাইভের খালি জায়গা ধরে রাখতে সুবিধা হবে।
ক্লিনআপের আগে কোন কোন ফাইল মুছে ফেলা হবে, তা তালিকা দেখে নিশ্চিত হয়ে নেওয়া ভালো। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ফাইল মুছে যাওয়ার আশঙ্কা থাকলে সেগুলো আগে অন্য ড্রাইভ বা নিরাপদ স্থানে সংরক্ষণ করুন।

ফিচার ডেস্ক