চ্যাটজিপিটিতে ভুলেও যে ৫ জিনিস লিখবেন না!
কৃত্রিম বুদ্ধিমত্তা ও চ্যাটজিপিটির জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও অসচেতনভাবে এর ব্যবহার ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। গোপনীয়তার সুরক্ষা না থাকায় এবং আইনি কড়াকড়ি না থাকায় ছোট একটি ভুলও আপনার চাকরি, গোপনীয়তা এমনকি আইনি জটিলতার কারণ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, যে ৫টি ক্ষেত্রে কখনোই চ্যাটজিপিটি ব্যবহার করা উচিত নয়।
১. আইনি পরামর্শের জন্য
চ্যাটজিপিটি প্রায়শই ভুয়া বা কল্পিত মামলার উদ্ধৃতি দিয়ে থাকে। এ ছাড়া এতে তথ্য আইনি সুরক্ষার আওতাভুক্ত নয়, যা আদালতের নথিতে বা প্রতিপক্ষের হাতে চলে যেতে পারে। তাই আইনি বিরোধের ক্ষেত্রে কেবল বাস্তব আইনজীবীর ওপর ভরসা রাখুন।
২. থেরাপিস্ট বা কাউন্সেলর হিসেবে
মানসিক স্বাস্থ্য বা ব্যক্তিগত সংকট নিয়ে চ্যাটজিপিটির সাথে খোলামেলা কথা বলা ঝুঁকিপূর্ণ, কারণ এসব চ্যাট সম্পূর্ণ গোপনীয় বা সুরক্ষিত নয়। তাছাড়া চ্যাটবট অনেক সময় পক্ষপাতদুষ্ট বা তোষামোদমূলক উত্তর দিয়ে বিভ্রান্তি আরও বাড়িয়ে দিতে পারে।
৩. গোপনীয় কাজের তথ্যের ক্ষেত্রে
অফিসের গোপন নথিপত্র, চুক্তিপত্র বা সোর্স কোড পাবলিক চ্যাটবটে আপলোড করা চাকরি হারানোর বা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। মনে রাখবেন, প্ল্যাটফর্মে পাঠানো ডেটা বাহ্যিক সার্ভারে সংরক্ষিত থাকে।
৪. চিকিৎসার পরামর্শ নেওয়ার জন্য
চিকিৎসা ক্ষেত্রে চ্যাটজিপিটির কোনো আইনি সুরক্ষা নেই। অনেক সময় এটি ভুল বা মারাত্মক ক্ষতিকর স্বাস্থ্য পরামর্শ (যেমন ভুল উপাদানের বিকল্প বাতলে দেওয়া) দিতে পারে, যা আপনার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।
৫.পাসওয়ার্ড বা সংবেদনশীল তথ্যের জন্য
পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের তথ্য কখনো চ্যাটবটে দেবেন না। ডিফল্টভাবে চ্যাটজিপিটি তথ্য মনে রাখায় অ্যাকাউন্ট হ্যাক হলে বা আইনি প্রক্রিয়ায় এগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
সূত্র: এনগ্যাজেট

ফিচার ডেস্ক