বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যের বহুখাতীয় কর্ম-পরিকল্পনা চূড়ান্ত
বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সমন্বিত করতে ২০২৭ থেকে ২০২৯ সালের জন্য চক্ষুস্বাস্থ্যের বহুখাতীয় কর্ম-পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
গতকাল রোববার (৮ নভেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জাতীয় কর্মশালায় এ কর্ম-পরিকল্পনা চূড়ান্ত করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের সহযোগিতায় চক্ষুস্বাস্থ্যবিষয়ক বহুখাতীয় জাতীয় প্ল্যাটফর্ম চালু করেছে দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন। এতে অংশীদার হিসেবে রয়েছে সাইটসেভারস এবং আন্তর্জাতিক এনজিও ফোরাম ফর আই হেলথের অন্যান্য সদস্য।
প্ল্যাটফর্মটির তত্ত্বাবধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সহযোগী হিসেবে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল একসঙ্গে কাজ করছে। এর পাশাপাশি শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান, কৃষি, শিল্প, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এতে যুক্ত রয়েছে। বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, আন্তর্জাতিক এনজিও, বেসরকারি খাত ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষও প্ল্যাটফর্মের কার্যক্রমে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং চোখের স্বাস্থ্যবিষয়ক বহুখাতভিত্তিক জাতীয় প্ল্যাটফর্মের সভাপতি মো. মহসিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। তিনি জাতীয় পর্যায়ে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন খাতের সম্মিলিত অঙ্গীকার ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক এবং প্ল্যাটফর্মের সহসভাপতি ডা. সৈয়দ মেহবুব উল কাদির। তিনি ২০২৭–২০২৯ সালের চক্ষুস্বাস্থ্যবিষয়ক বহুখাতীয় কর্ম-পরিকল্পনার সার্বিক রূপরেখা তুলে ধরেন।
উপস্থাপনায় তিনি চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন খাতের মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করতে কর্ম-পরিকল্পনার প্রধান অগ্রাধিকার, বিষয়ভিত্তিক ক্ষেত্র এবং প্রস্তাবিত কার্যক্রমগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
কর্মশালায় বক্তারা বলেন, চক্ষুস্বাস্থ্য শুধু স্বাস্থ্য খাতের বিষয় নয়; এটি সবার জন্য একটি যৌথ উন্নয়ন অগ্রাধিকার। দৃষ্টি-প্রতিবন্ধিতা মানুষের স্বাভাবিক জীবনযাপন, পড়াশোনা, উৎপাদনশীলতা, সামাজিক যোগাযোগসহ সার্বিক কার্যক্রমকে প্রভাবিত করে। তাই বাংলাদেশে সবার জন্য সহজলভ্য ও ন্যায্য চক্ষুসেবা নিশ্চিত করতে বিভিন্ন খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কর্মশালায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক এনজিও, বেসরকারি খাত ও কারিগরি বিশেষজ্ঞরা অংশ নেন। এ সময় কর্ম-পরিকল্পনার কৌশলগত অগ্রাধিকার, বিষয়ভিত্তিক ক্ষেত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা ও দায়িত্ব এবং বাস্তবায়নের ধাপ ও মাইলফলক নিয়ে আলোচনা হয়।
২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে বিভিন্ন পক্ষকে একসঙ্গে কাজ করার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করাই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্ম-পরিকল্পনাটি জাতীয় অঙ্গীকারকে বাস্তবে রূপ দেওয়ার একটি কাঠামো হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি চক্ষুস্বাস্থ্যকে সংশ্লিষ্ট নীতি, কর্মসূচি ও সেবার সঙ্গে যুক্ত করতে সহায়তা করবে। একই সঙ্গে বৈশ্বিক চক্ষুস্বাস্থ্য উদ্যোগের প্রতি বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নেও এটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের মানুষের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে চোখের স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক বিষয়ে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। বিভিন্ন খাতের মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, প্রত্যেক মানুষ যেন তার আর্থসামাজিক অবস্থা বা পরিস্থিতি নির্বিশেষে প্রয়োজনীয় চক্ষুসেবা গ্রহণের সুযোগ পায়।’
বক্তারা বলেন, চক্ষুসেবার উন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে প্রতিরোধযোগ্য দৃষ্টি-প্রতিবন্ধিতা এবং অপ্রত্যাশিত অন্ধত্ব এখনো বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় টেকসই বিনিয়োগ, শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা, সেবার সহজলভ্যতা বৃদ্ধি এবং বৃহত্তর উন্নয়ন কার্যক্রমের সঙ্গে চক্ষুস্বাস্থ্যের সংযোগ প্রয়োজন।
বহুখাতীয় জাতীয় প্ল্যাটফর্ম ও এর কর্ম-পরিকল্পনার মাধ্যমে সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করবে। এর লক্ষ্য হবে সমন্বয় বাড়ানো, জবাবদিহিতা নিশ্চিত করা এবং দক্ষতা ও সম্পদের উন্নয়নের মাধ্যমে দেশব্যাপী চক্ষুস্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়া।
দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের ক্লাস্টার ডিরেক্টর মোসাব্বির আলম বলেন, ‘এখন আমাদের প্রধান অগ্রাধিকার হলো সম্মিলিত অঙ্গীকারগুলোকে সমন্বিত কার্যক্রমে রূপ দেওয়া এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা।’
কর্ম-পরিকল্পনাটি চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের চক্ষুস্বাস্থ্যসেবাকে আরও সমন্বিত ও টেকসই পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো। এর মূল লক্ষ্য-মানসম্মত চক্ষুসেবা পাওয়ার ক্ষেত্রে দেশের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে।

এনটিভি অনলাইন ডেস্ক