চ্যাটজিপিটিকে পেছনে ফেলছে মেটার এআই অ্যাপ ‘মিউজ’
প্রযুক্তির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর আধিপত্য বিস্তারের লড়াইয়ে নতুন মোড় নিয়েছে। ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিকে পেছনে ফেলে এবার জোরালো প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার নতুন এআই অ্যাপ ‘মিউজ’। বাজারে আসার মাত্র অল্প কদিনের মধ্যেই ডাউনলোডের রেকর্ডে চমক সৃষ্টি করেছে অ্যাপটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, মেটার নতুন এআই অ্যাপ ‘মিউজ’ চালুর পর প্রথম ১২ দিনে চ্যাটজিপিটির সমসাময়িক রেকর্ড ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে প্রথম ১২ দিনে চ্যাটজিপিটির ১.৩ মিলিয়ন ডাউনলোডের বিপরীতে মিউজ ১.৮ মিলিয়ন ডাউনলোড অর্জন করেছে। এছাড়া বিশ্বব্যাপী এর মোট ইনস্টল হয়েছে ২.৮ মিলিয়ন।
মার্কিন বাজারে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী দাঁড়িয়েছে ৬৪২,০০০ জনে, যা সেই সময়ে চ্যাটজিপিটির ছিল মাত্র ২৩১,০০০ জন। এমনকি শুধু আইওএস ডেটার তুলনামূলক বিশ্লেষণেও মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী (৩৫৯,০০০ জন) চ্যাটজিপিটির শুরুর দিকের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।
ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সাথে এই অ্যাপটির সুদৃঢ় ইন্টিগ্রেশন এবং মেটার শক্তিশালী ক্রস-প্রমোশন কৌশলের কারণে এটি মেটার পরবর্তী বড় সাফল্যের মুখ দেখতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও মেটা এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি, তবে প্রাথমিক এই প্রবৃদ্ধি অ্যাপটির উজ্জ্বল ভবিষ্যতের জোরালো ইঙ্গিত দিচ্ছে।
সুত্র : টেকক্রাঞ্চ

ফিচার ডেস্ক