দেশে এলো এসারের নতুন ২৭ ইঞ্চির ডব্লিউকিউএইচডি আলট্রা স্লিম মনিটর
দেশের বাজারে নতুন ২৭ ইঞ্চির ডব্লিউকিউএইচডি আলট্রা স্লিম মনিটর এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। আধুনিক নকশা, উন্নত ডিসপ্লে প্রযুক্তি এবং উচ্চ রিফ্রেশ রেটের সমন্বয়ে তৈরি এসারের নতুন এই মনিটর অফিস, কনটেন্ট নির্মাণ, মাল্টিমিডিয়া ব্যবহার ও সাধারণ গেমিংয়ের জন্য উপযোগী।
মনিটরটিতে রয়েছে ২৭ ইঞ্চির ডব্লিউকিউএইচডি আইপিএস ডিসপ্লে, যার রেজল্যুশন ২ হাজার ৫৬০ × ১ হাজার ৪৪০ পিক্সেল। ফলে ফুল এইচডি ডিসপ্লের তুলনায় আরও বেশি বিস্তারিত ও প্রাণবন্ত ছবি দেখা যাবে। এছাড়া ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড সাড়া দেওয়ার ক্ষমতা দ্রুতগতির ভিডিও, গেমিং ও একসঙ্গে একাধিক কাজ করার সময় মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
দীর্ঘ সময় কাজ বা বিনোদনের সময় চোখের ক্লান্তি কমাতে এতে ব্যবহার করা হয়েছে এসার ভিশন কেয়ার প্রযুক্তি। সংযোগ সুবিধার জন্য রয়েছে দুটি এইচডিএমআই পোর্ট, একটি ভিজিএ পোর্ট এবং প্রতি চ্যানেলে ১ ওয়াট ক্ষমতার দুটি বিল্ট-ইন স্পিকার।
সাদা রঙের আলট্রা স্লিম নকশার এই মনিটরটি আধুনিক অফিস বা বাসার কর্মপরিবেশে আকর্ষণীয় লুক যোগ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এসার এসএ২৭২ইউ পি১ মনিটরটি দেশের সব স্মার্ট অনুমোদিত ডিলার, শোরুম ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ এর খুচরা মূল্য ৩০ হাজার টাকা।

নিজস্ব প্রতিবেদক