ফিনিক্স সামিটে এআইচালিত সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম প্রদর্শন করল ব্রোটেকস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সাইবার নিরাপত্তা ও ইন্টেলিজেন্ট অপারেশনস ইকোসিস্টেম প্রদর্শন করেছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রোটেকস টেকনোলজিস লিমিটেড। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ফিনিক্স সামিট ২০২৬-এ প্রতিষ্ঠানটি তাদের সমন্বিত সাইবার নিরাপত্তা সমাধান তুলে ধরে।
গত শুক্রবার (২৬ জুন) আয়োজিত সামিটে ব্রোটেকসের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তাকে প্রতিষ্ঠানের এআইচালিত সাইবার ডিফেন্স ইকোসিস্টেম সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি বাংলাদেশের সাইবার সার্বভৌমত্ব ও ডেটা সার্বভৌমত্ব জোরদারে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
প্রতিষ্ঠানটি জানায়, মহাকাশ, বিমান চলাচল, টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ এবং প্রতিরক্ষা প্রযুক্তি খাতে প্রায় দুই দশকের অভিজ্ঞতার ভিত্তিতে তারা বাংলাদেশের জন্য একটি পূর্ণাঙ্গ সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে সরকার, প্রতিরক্ষা, আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতকে আরও নিরাপদ, সহনশীল ও স্বনির্ভর করে তোলাই তাদের লক্ষ্য।
দু‘দিনব্যাপী আয়োজিত সামিটে ব্রোটেকস তিনটি ফ্ল্যাগশিপ সমাধান উপস্থাপন করছে। এগুলো হলো— vNOC, যা কথোপকথনভিত্তিক (Conversational) এজেন্টিক এআইওপস প্রযুক্তির মাধ্যমে বুদ্ধিমান নেটওয়ার্ক ও অবকাঠামো পরিচালনা করে; iSecureGate, যা আইডিপিএস (IDPS), ডিপিআই (DPI), এসপিআই (SPI) ও ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল (WAF) সমন্বিত নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল; এবং iCyberDefend, যা এজেন্টিক এআইচালিত SIEM, SOAR, XDR ও কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে সক্রিয় সাইবার প্রতিরক্ষা নিশ্চিত করে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, এসব সমাধান একত্রে One Integrated Cyber Defense Ecosystem গঠন করেছে, যা একটি একক বুদ্ধিমান প্ল্যাটফর্ম হিসেবে দৃশ্যমানতা, নিরাপত্তা, অটোমেশন এবং কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে।
ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নাহিদ হোসেন বলেন, প্রায় দুই দশক ধরে তারা বৈশ্বিক মহাকাশ, বিমান চলাচল, এন্টারপ্রাইজ ও প্রতিরক্ষা খাতের জন্য মিশন-ক্রিটিক্যাল প্রযুক্তি তৈরি করে আসছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাইবার ও ডেটা সার্বভৌমত্ব শক্তিশালী করতে একটি সমন্বিত সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম গড়ে তোলাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত ও প্রকৌশলগতভাবে উন্নয়ন করা হলেও ব্রোটেকসের সমাধানগুলো বিশ্বমানের বাংলাদেশি প্রকৌশলীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক বাজারের নিরাপত্তা চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সরকারের সঙ্গে যৌথভাবে জাতীয় সাইবার ডিফেন্স ইকোসিস্টেম গড়ে তুলতে তারা প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে প্রুফ-অব-কনসেপ্ট বাস্তবায়ন, স্থানীয় দক্ষতা উন্নয়ন, মানদণ্ড ও কমপ্লায়েন্স শক্তিশালীকরণ এবং দেশীয়ভাবে পরিচালিত নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হতে পারে।

নিজস্ব প্রতিবেদক