মোবাইল ফোন নিষেধাজ্ঞায় শিক্ষার্থীদের ফলাফলে উন্নতি হয়নি: গবেষণা
শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য কোনো উন্নতি আনতে পারেনি-এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন নিষিদ্ধের ফলে পরীক্ষার ফলাফলে প্রভাব ছিল প্রায় শূন্যের কাছাকাছি। গবেষণাটি ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ প্রকাশ করতে যাচ্ছে।
২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪০ হাজারের বেশি স্কুলের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা পরিচালনা করা হয়। এতে দেখা যায়, নিষেধাজ্ঞা কার্যকর করার পর প্রাথমিকভাবে শৃঙ্খলাভঙ্গের ঘটনা কিছুটা বেড়েছিল এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে সাময়িক নেতিবাচক প্রভাব পড়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি ঘটে, শৃঙ্খলা ভঙ্গের ঘটনা কমে এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতাও বাড়ে।
গবেষণায় আরও উল্লেখ করা হয়, মোবাইল নিষেধাজ্ঞার ফলে স্কুলে উপস্থিতি, শ্রেণিকক্ষে মনোযোগ বা অনলাইন হয়রানির ওপর তেমন কোনো প্রভাব পড়েনি। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদি প্রভাব এখনো পুরোপুরি স্পষ্ট নয়, কারণ গবেষণায় সর্বোচ্চ তিন বছরের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের আরেকটি গবেষণাতেও দেখা গেছে, মোবাইল ফোন নিষিদ্ধের ফলে শিক্ষার্থীদের মোট স্ক্রিন টাইম বা মানসিক সুস্থতায় বড় ধরনের পরিবর্তন আসেনি।
এরপরও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ স্কুলে মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে। দক্ষিণ কোরিয়াতেও ২০২৬ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোবাইল ব্যবহারে সীমাবদ্ধতা চালু করা হয়েছে।
সূত্র: এনগ্যাজেট

এনটিভি অনলাইন ডেস্ক