উৎসব ছাড়াই মাঠে গড়াচ্ছে সাফ, প্রথম দিনে মাঠে নামছে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত ‘সাফ চ্যাম্পিয়নশিপ’। এবার টুর্নামেন্টের ১৫তম আসর বসছে বাংলাদেশে। শুরুর দিকে টুর্নামেন্টকে ঘিরে বেশ উচ্ছ্বসিত ছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। কিন্তু সময়ের সঙ্গে সেটি অনেকটাই মিলিয়ে গেছে। অনেকটা অনাড়ম্বরভাবেই শুরু হচ্ছে সাফের এবারের আসর।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে সাফের এবারের আসরের। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত আর পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান। প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায় আর দ্বিতীয়টি রাত ৮টায়।
বাংলাদেশে সাফের সবগুলো ম্যাচ টেলিভিশনে সম্প্রচার করবে টি-স্পোর্টস। আলোচনা আছে, বাংলাদেশি সমর্থকদের কথা মাথায় রেখে বাংলায় ধারাভাষ্য প্রচার করতে পারে তারা। এছাড়াও অনলাইনে দেখা যাবে টফি ও বঙ্গ অ্যাপে। তবে সেজন্য কিনতে হবে সাবস্ক্রিপশন। এর বাইরে স্পোর্টসজিফাই, ক্রীড়া টিভির মতো থার্ডপার্টি প্ল্যাটফর্মগুলোতে বিনামূল্যে দেখা যাবে সাফের ম্যাচগুলো।
নামে বিশ্বকাপ হলেও আলোচনা, উন্মাদনায় তেমনটার দেখা মেলেনি। আয়োজকদের পক্ষ থেকে সেভাবে প্রচার-প্রচারণারও দেখা মেলেনি। উল্টো দর্শকদের মাঝে যে উন্মাদনা ছিল সেটিও মিলিয়ে গেছে টিকিটের চড়া দামের কারণে। অন্যদিকে, টুর্নামেন্টের যে থিম সং বানানো হয়েছে, সেটি নিয়েও দর্শকদের অভিযোগের শেষ নেই। এসব মাথায় নিয়েই পর্দা উঠছে টুর্নামেন্টের।
২০১৮ সালের পর আবারও সাফের আসর বসছে বাংলাদেশে। দর্শক আগ্রহ কম থাকলেও মাঠের ফুটবলকে জমজমাট করতে পিছিয়ে নেই আয়োজকরা। প্রথমবার সাফে ব্যবহার করা হবে ভিএআর প্রযুক্তি। তবে পুরোপুরি ভিএআর নয়, ব্যবহার করা হবে ‘ভিএআর লাইট’ প্রযুক্তি।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৬টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী মালদ্বীপ। দুই গ্রুপের সেরা দুই দল সরাসরি সেমিফাইনাল খেলবে।
দক্ষিণ এশিয়ান ফুটবলে এখন প্রায় সব দেশেই বংশোদ্ভূত ফুটবলারদের আধিক্যের দেখা মিলছে। এবারের সাফও ব্যতিক্রমী নয়। সবচেয়ে বেশি ১৬ জন বংশোদ্ভূত ফুটবলার নিয়ে সাফে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৯ জন ফুটবলার বাংলাদেশের। এরপর যথাক্রমে পাকিস্তান (৭ জন) ও ভারত (১ জন) আছে।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সাফের সবচেয়ে বেশি ৯ বারের চ্যাম্পিয়ন ভারত। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দলও তারা। তবে সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলারদের দলে ভিড়িয়ে নিজেদের বেশ শক্তিশালী করেছে পাকিস্তানও। গত কয়েকটি ম্যাচে বড় দলগুলোর সঙ্গে বেশ ভালোই লড়াই করেছে তারা।
দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান। সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ। এবারের সাফের অন্যতম সেরা দলও স্বাগতিকরা। তাই প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করাই বড় লক্ষ্য। তবে প্রথম ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না দলের সেরা তারকা হামজা চৌধুরীকে।
ম্যাচের দু’দিন আগে অর্থাৎ ৩ নভেম্বর পর্যন্ত প্রথম দিনের ৭০ শতাংশ টিকিট অবিক্রিত বলে জানা গেছে। সবমিলিয়ে শুরুতেই আক্ষেপ আর কিছুটা অনাড়ম্বর আয়োজনেই মাঠে গড়াতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর।

নাজমুল সাগর