মিরপুর টেস্ট
তাইজুলের ঘূর্ণিতে বিপদে ওয়েস্ট ইন্ডিজ
এক উইকেটেই ৮৯ রান তুলে চা-বিরতিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বিরতি থেকে ফিরেই ক্যারিবীয়ানদের চেপে ধরেছে বাংলাদেশ। মাত্র ৭ রানের মধ্যেই তুলে নিয়েছে ৩ উইকেট। টাইগার স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা সফরকারী ব্যাটাররা। শতরানের আগেই এখন ৪ উইকেট হারিয়ে বিপদে ওয়েস্ট ইন্ডিজ।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির আগে ৩৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১০২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো তারা পিছিয়ে ১৭০ রানে।
পাঁচ ওভার আগেই বাংলাদেশের পথের কাঁটা জন ক্যাম্পবেলকে ফিরিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর ৩৬তম ওভারে এসে জোড়া উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলে ফ্রন্টফুট ডিফেন্স করেছিলেন নতুন ব্যাটার কাভিম হজ। সেই নিচু বলও দারুণ দক্ষতায় তালুবন্দি করেন শর্টে থাকা ফিল্ডার মুমিনুল হক। ২০ বলে ৭ রান করে বিদায় নেন হজ।
এরপর উইকেটে এসেছিলেন আমির জাঙ্গু। তিনি টিকতে পেরেছেন মোটে ৩ বল। তাইজুলের করা পঞ্চম বল স্লগ-সুইপ করেছিলেন আমির। তবে ব্যাটে-বলে ঠিক সংযোগ করতে পারেননি। বল চলে যায় ডিপ-স্কয়ার লেগে দৌঁড়ে এসে সেটি তালুবন্দি করেন তানজিদ হাসান তামিম। রানের খাতা খোলার আগেই ফিরে যান আমির।
পথের কাঁটা সরালেন মিরাজ
বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে ছিলেন জন ক্যাম্পবেল। স্বাগতিকদের অপেক্ষা বাড়িয়ে হাফসেঞ্চুরিও তুলে নিয়েছিলেন তিনি। বৃষ্টি শেষে মাঠে ফিরে তাকে থামালেন মেহেদী হাসান মিরাজ। কৃতিত্বটা অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। দারুণ একটি ক্যাচ তালুবন্দি করেছেন তিনি।
বৃষ্টির কারণে প্রায় দেড় ঘন্টা বন্ধ ছিল খেলা। এরপর আবারও ম্যাচ শুরু হওয়ার পর চতুর্থ ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। মিরাজের ড্রাইভ করতে চেয়েছিলেন ক্যাম্পবেল। তবে ব্যাটে-বলে ঠিকভাবে সংযোগ করতে পারেননি। ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। ক্ষিপ্র গতিতে ঝাপিয়ে পড়ে দারুণভাবে সেটি তালুবন্দি করেন শান্ত। শেষ হয় ৭৮ বলে ক্যাম্পবেলের ৫৪ রানের ইনিংস।
সোয়া এক ঘন্টা পর আবারও শুরু হলো খেলা
বেলা ২টায় শুরু হওয়া বৃষ্টি চলল মিনিট দশেক। তবে সেই বৃষ্টির কারণে তৈরি হওয়া আনুষাঙ্গিক কাজ শেষ করতে সময় লাগল আরও এক ঘন্টা ১০ মিনিট। কভার সরানো, পানি নিষ্কাশন, এরপর আলোকস্বল্পতা কাটিয়ে বেলা ৩টা ২০ মিনিটে আবারও শুরু হলো দ্বিতীয় দিনের খেলা।
বৃষ্টি শেষে সরনো হচ্ছে কাভার, খেলা শুরু হবে কখন?
বেশ কিছুক্ষণ মেঘলা ছিল আকাশ। এরপর বেলা ২টায় শুরু হলো ঝুম বৃষ্টি। চললো মিনিট দশেক। বৃষ্টি শেষে হালকা রোদের আলো ফুটেছে মাঠে। মাঠের বড় একটি অংশ থেকে সরানো হয়েছে কাভারও। উইকেটের কাভারও এখন সরানো হচ্ছে। অন্যদিকে, মাঠের কয়েক জায়গায় হালকা পানি জমে আছে। সেটি নিষ্কাশনের কাজ চলছে।
এরই মাঝে বেলা ২টা ৪৫ মিনিটে দুই আম্পায়ারা একবার মাঠ পর্যবেক্ষণ করে গেছেন। তবে আনুষ্ঠানিকভাবে খেলা শুরু নিয়ে এখনো কিছু জানাননি। তবে এনটিভি অনলাইনের পাঠকদের জানিয়ে রাখা প্রয়োজন, বৃষ্টি বন্ধ হলেও এখনো মাঠে আলোকস্বল্পতা রয়েছে কিছুটা। ইতোমধ্যে মাঠের সকল ফ্ল্যাড-লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে।
মিরপুরে শুরু হয়েছে বৃষ্টি, বন্ধ খেলা
হতাশার একটি সেশন কাটিয়ে চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ানোর। তবে সেই অপেক্ষা বাড়িয়ে দিল বৃষ্টি। মিরপুরে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। ঢেকে ফেলা হয়েছে উইকেটসহ মাঠের অনেকটা।
টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির পর দুপুর ২টার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে আপাতত বন্ধ খেলা। কখন নাগাদ বৃষ্টি থামে এখন সেটিই দেখার অপেক্ষা।
হতাশার সেশন কাটিয়ে চা-বিরতিতে গেল বাংলাদেশ
হতাশার একটি সেশন গেল বাংলাদেশের। একটু আগে যেই উইকেটে যাওয়া-আসার মিছিল করল বাংলাদেশ। সেখানেই এখন রানের ফুলঝুড়ি ফোটাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে মাত্র এক উইকেট পেয়েছেন বাংলাদেশ। সেটি নিয়েই চা-বিরতিতে গেল স্বাগতিকরা।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির আগে ২৭ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ৮৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো তারা পিছিয়ে ১৮৩ রানে। ৬৫ বলে ৫৩ রানে জন ক্যাম্পবেল আর ৭৭ বলে ২১ রানে অপরাজিত আছেন তেজনারায়ণ চন্দ্রপল।
ক্যারিবীয়ানতের ইনিংসের পঞ্চম ওভারেই প্রথম উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপর চলে গেছে আরও ২২ ওভার। আরও তিন বোলারের হাতে বল তুলে দিয়েছেন অধিনায়ক। তবে কেউই প্রতিদান দিতে পারেননি। বাংলাদেশও আর কোনো উইকেটের দেখা পায়নি। স্বাগতিকদের অপেক্ষা বাড়িয়ে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় উইকেটে ১৩৩ বলে ৬০ রানের জুটি গড়েছেন দুই ক্যারিবীয়ান ব্যাটার জন ক্যাম্পবেল আর তেজনারায়ণ চন্দ্রপল। ইতোমধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যাম্পবল। চা-বিরতি থেকে ফিরে ক্যাম্পবলকে আটকাতে না পারলে বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে ম্যাচ।
ক্যাচ মিসের পর হাসানের আঘাত, প্রথম উইকেট বাংলাদেশের
একটু আগেই হাসান মাহমুদের বলে পয়েন্টে ক্যাচ ফেলে দিয়েছিলেন নাঈম হাসান। সেই হতাশা পোড়ালেও প্রথম উইকেটের জন্য খুব বেশি অপেক্ষা করতে হলো না বাংলাদেশের। হাসানই বাংলাদেশকে এনে দিলেন প্রথম উইকেট। ফেরালেন ব্র্যান্ডন কিংকে।
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ক্যারিবীয়ান ওপেনার জন ক্যাম্পবেল সহজ ক্যাচ দিয়েছিলেন নাঈমকে। তিনি পয়েন্টে তিনি সেটি তালুবন্দি করতে পারেননি। নিজের পরের ওভারে বোলিংয়ে এসে এবার আরেক ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিলেন তিনি।
হাসানের করা ওভারের শেষ বলটি খেলা নিয়ে দ্বিধায় ছিলেন ব্যাটার ব্র্যান্ডন কিং। অফস্ট্যামের কিছুটা বাইরের বলে শেষ পর্যন্ত ব্যাট চালালেন তিনি। তবে সংযোগটা ঠিক মতো হলো না। ব্যাট ছুঁয়ে বল চলে গেল উইকেটরক্ষক জাকের আলী অনিকের গ্লাভসে। ২০ বলে ১৫ রান করে ফিরলেন কিং।
দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট বাংলাদেশ
বড় রানের আশা নিয়েই দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কারণ, হাতে তখনো বাকি ছিল ৭ উইকেট। কিন্তু কিছুই হলো না। দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিং করতে পারল মোটে ২১.৪ ওভার। ফলে বড় রান তো দূরে থাক তিনশ রানও পূরণ করতে পারেনি বাংলাদেশ। থেমেছে আড়াইশ পেরিয়েই। বাংলাদেশ বিধ্বস্ত হয়েছে ক্যারিবীয়ানদের স্পিন বিষে। নিজেদের প্রথম ইনিংসে ৯৭.৪ ওভারে ২৭২ রান করে থেমেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক