ফাইনালে যেতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল ভারত
শুরু থেকেই আক্রমণাত্মক ভারত। বিপরীতে নির্বিষ বোলিংয়ের সঙ্গে ফিল্ডিং মিসের মহড়া বাংলাদেশের। এতে অন্তত প্রথম ১৫ ওভারে ভারতের বিপক্ষে লড়াই-ই করতে পারল না বাংলাদেশ। স্মৃতি মান্ধানা শুরু করার পর শেফালি ভার্মার সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল ভারত।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের কারোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে ভারত। ফাইনালের টিকিট কাটতে হলে ব্যাটারদের নিতে হবে বড় দায়িত্ব।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। পাওয়ার প্লের মধ্যেই ৭২ রান তুলে ফেলেন তারা। পাওয়ার প্লের শেষ বলে মান্ধানা ফিরলে ভাঙে এই জুটি। নাহিদা আক্তারের বলে সোবহানা মোস্তারিকে ক্যাচ দেওয়ার আগে ১৯ বলে ৩৭ রান করেন মান্ধানা।
এরপর দ্রুতই দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। তিন নম্বরে নামা গুনালান কামালিনিকে ফেরান সানজিদা আক্তার মেঘলা। ১০ বলে মোটে ৩ রান করে ফেরেন তিনি। এরপর আবারও বাংলাদেশের ওপর চড়াও হয় ভারত।
আগে থেকেই আক্রমণাত্মক শেফালিকে সঙ্গ দিতে এসে চড়াও হন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরও। এই দুজন মিলে বেশ খানিকটা শাসন করেন বাংলাদেশি বোলারদের। সেই সুযোগটা অবশ্য করে দিয়েছিলেন ফিল্ডাররাও। হারমানপ্রীতকে ফিরিয়ে ৯৪ রানের এই জুটি ভাঙেন স্পিনার রাবেয়া খান। ৩৩ বলে ৪০ রান করে ফেরেন তিনি।
বাকিরা ফিরলেও একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন শেফালি। ঝোড়ো ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। ৩টি চার ও ৯টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
বাংলাদেশের হয়ে সমান একটি করে উইকেট নেন মারুফা আক্তার, মেঘলা, রাবেয়া খান ও নাহিদা আক্তার।

স্পোর্টস ডেস্ক