১৫ পয়েন্ট থেকে ১১ পয়েন্টই খোয়াল পাকিস্তান
টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। একের পর এক ম্যাচ হেরেই চলেছে তারা। সমর্থকরা তো বিদ্রুপ করে বলছেন, ‘অন্যদের পয়েন্ট উপহার দিতেই খেলছে পাকিস্তান।’ একের পর এক পয়েন্ট হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে অবস্থান করছে পাকিস্তান। সেই দলটির ওপর এবার ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে এলো আইসিসির শাস্তি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে লিডসে প্রথম টেস্টে মন্থর ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে ১১ পয়েন্ট এবং ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে সর্বোচ্চ জরিমানা হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কেটে নেওয়া হয়।
আইসিসির ম্যাচ রেফারি রাঞ্জান মাদুগালের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ইংল্যান্ড সফরে এবার একটি টেস্টেও জয় পায়নি পাকিস্তান। লিডসে প্রথম টেস্টে হারের পর লর্ডসে দ্বিতীয় টেস্টেও হেরে বসে পাকিস্তান। এরপর তৃতীয় টেস্টে দলে পরিবর্তন এনেও জিততে পারেনি তারা। এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটে হেরে যায় তারা। এর ফলে ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের পয়েন্ট ছিল, ১৫.৬৩ শতাংশ। ১১ পয়েন্ট কেটে নেওয়ার পর বর্তমানে ৪.৬৩ পয়েন্ট বাকি আছে পাকিস্তানের। আট নম্বর থেকে নয় নম্বরে নেমে গেছে তারা। আট নম্বরে ওঠা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের হার ২০ দশমিক ৮৩ শতাংশ।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তানের সামনে এখনো দুটি সিরিজ বাকি। চলতি বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০২৭ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী সিরিজ বাংলাদেশের বিপক্ষে, চলতি বছরের অক্টোবরে।

স্পোর্টস ডেস্ক