শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
শুরুটা ভালোই করলেন দুই ওপেনার। কিন্তু মোমেন্টাম ধরে লাখতে পারেনি বাংলাদেশ। দ্রুতই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল টাইগ্রেসরা। সেখান থেকে জুটি গড়ে আশা দেখিয়েছিলেন সোবহানা মোস্তারি আর স্বর্ণা আক্তার। কিন্তু সেটার পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি তারা। শেষদিকের ব্যাটাররাও সেভাবে দায়িত্ব নিতে পারেনি। ফলে স্কোরটা খুব বেশি বড় হয়নি বাংলাদেশের। তবে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কাকে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে বাংলাদেশ নারী দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে কিছুটা আক্মেণাত্মক শুরু করেছিলেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। দিলারা আক্তারকে সঙ্গে নিয়ে ৪.৫ ওভারে ৩১ রানের জুটি গড়েছিলেন। এরপর বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার ১০ বলে ১৪ রান আসে তার ব্যাট থেকে।
এরপর খুব বেশি সময় টিকতে পারেননি আরেক ওপেনার দিলারাও। শুরুর দিকে কিছুটা ধীরগতির ব্যাটিং করা এই টাইগ্রেস ওপেনারও বাউন্ডারি হাঁকাতে গিয়েই ক্যাচ দিয়ে ফেরেন। ২৬ বলে ২৬ রান করেন তিনি। চার নম্বরে নেমে দায়িত্ব নিতে পারেননি ওপেনার নিগার সুলতানা জ্যোতিও (৯ বলে ৪)।
দ্রুতই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে জুটি গড়ে বাংলাদেশকে আশা দেখাচ্ছিলেন সোবহানা মোস্তারি আর স্বর্ণা আক্তার। ৪১ রানের জুটি গড়েছিলেন তারা। তবে আশার পূর্ণ বাস্তবায়ন করতে পারেননি থিতু হওয়া এই দুই ব্যাটার।
১৭তম ওভারে মোস্তারি আর স্বর্ণাকে ফিরিয়ে আবারও বাংলাদেশকে চেপে ধরেন চামুদি প্রাবোদা। ওভারের তৃতীয় বলে বড় শট খেলতে উইকেট ছেড়ে বেড়িয়ে এসেছিলেন মোস্তারি। তিনি মিস করলে বল ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক। ৪১ বলে ৩৪ রান করে আউট হন তিনি।
ওভারের পঞ্চম বলে ফেরেন স্বর্ণা। সোজা বোলারের হাতেই ক্যাচ তুলে দেন তিনি। ১৪ বলে ৯ রান আসে তার ব্যাট থেকে। এরপরে ফাহিমা খাতুন (১৩ বলে ১৪) ছাড়া আর কেউ দায়িত্ব নিতে পারেনি। ফলে বাংলাদেশ থামে ১১৪ রান করেই।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন চামুদি। ২টি উইকেট নেন সুগানদিকা কুমারি। আর একটি করে উইকেট যায় চামারি আতাপাত্তু আর কাভিশা দিলহারির ঝুলিতে।

স্পোর্টস ডেস্ক