নারী এশিয়া কাপ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ
প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার দ্বিতীয় ম্যাচে লক্ষ্য–শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া। সেই লক্ষ্যে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু।
টুর্নামেন্টে এক ম্যাচই খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়েছিল ৭১ রানে। যদিও সেই ম্যাচে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করেছিল টাইগ্রেসরা। পরে বোলাররা নিজেদের জানান দেন দুর্দান্তভাবে। মোটে ৫৮ রানেই অলআউট করে দেয় ইন্দোনেশিয়াকে।
অন্যদিকে, ইতোমধ্যে টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। দুটিতেই জয় তুলে নিয়েছে তারা। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়েছিল ৭৫ রানের ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় ৯ উইকেটের বড় ব্যবধানে।
পয়েন্ট টেবিল বলছে, দুই ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। আর এক জয়ের ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বাংলাদেশ। তবে আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।

স্পোর্টস ডেস্ক