পিসিবি তদন্ত করলে আইনি পথে হাঁটবেন ইমাম!
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। তবে তার সেই চোট নিয়েই এবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর সেই তদন্তের মুখে আইনি পরামর্শ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইমাম। খবর ইন্ডিয়া ডটকমের।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের কাফে চোট পান ইমাম। এরপর পাকিস্তানের দুই ইনিংসের কোনোটিতেই ব্যাট করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১৯৪ রানে ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পাকিস্তান।
তবে চোট পাওয়ার পরও টেস্টের চতুর্থ দিনে ইমামকে নেটে থ্রোডাউন নিতে দেখা যায়। পায়ে ব্যান্ডেজ থাকলেও তাকে ব্যাটিং অনুশীলনে বেশ স্বাভাবিকভাবেই নড়াচড়া করতে দেখা যায়। এরপরই তার চোটের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডও ইমামের চোট নিয়ে প্রশ্ন তোলেন। মাঠে ব্যাটিং অনুশীলনের ভিডিও সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় আলোচনা।
ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ইমামের চোটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পিসিবি। এই ওপেনারের চোট আসলেই কতটা গুরুতর ছিল এবং তিনি ব্যাট করার মতো অবস্থায় ছিলেন কিনা, তদন্তে তা খতিয়ে দেখা হতে পারে।
এ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ। তিনি বলেন, ‘এই বিষয়টা নিয়ে তদন্ত হবে। পেশিতে চোটের কারণে দুটো ইনিংসেই ব্যাট করতে পারল না। এমনটা কী করে হতে পারে? চোট থাকতেই পারে। কিন্তু চোট নিয়ে ব্যাটাররা ক্রিজে নেমে অন্তত চেষ্টা করে। এই পরিস্থিতি অন্য রকম। খুব চিন্তার বিষয়। আশা করি কোনো ব্যবস্থা নেওয়া হবে।’
ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় টেস্টের আগে সাত পাকিস্তানি ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইমাম-উল-হকও। পিসিবির তদন্তে তাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে। এ পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করতে একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের এই ওপেনার।
তদন্ত শেষে ইমামের চোট নিয়ে কোনো অসঙ্গতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না,সে ব্যাপারে কিছু জানায়নি পিসিবি।

স্পোর্টস ডেস্ক