ভিক্টোরি, জুলে রিমে, ফিফা বিশ্বকাপ—এরপর কী?
শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। আবার চার বছরের অপেক্ষা। সোনালি গোলকে মোড়ানো শ্রেষ্ঠত্ব পেতে দলগুলোর কত ত্যাগ, পরিশ্রম, প্রতিজ্ঞা। ২০২৬ বিশ্বকাপে অনন্য ফুটবলশৈলী উপহার দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছে স্পেন।
প্রায় এক শতকের ফুটবল বিশ্বকাপের এই ট্রফি নিয়ে আছে নানা ইতিহাস। তিনবার পরিবর্তন হয়ে আজকের ‘বিশ্বকাপ ট্রফি’ নাম ধারণ করেছে। ১৯৩০ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। প্রথম আসরে শিরোপা উৎসব করে উরুগুয়ে। সেই ট্রফির নাম ছিল ‘ভিক্টোরি।’ পরবর্তী তিন আসরেও দেওয়া হয় এই ট্রফি।
এরপর ১৯৪৬ সালে এসে বদলে যায় ট্রফির নাম। ফিফার তৎকালীন সভাপতি, যিনি বিশ্বকাপ শুরু করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন সেই জুলে রিমের নামে নামকরণ করা হয় ট্রফির। নতুন নাম দেওয়া হয় ‘জুলে রিমে ট্রফি।’
এই ট্রফিটির নকশা করেন ফরাসি ভাস্কর আবেল লাফ্লেয়ার। জুলে রিমে ছিল গ্রিক বিজয়ের দেবী ‘নাইকি’র একটি স্বর্ণমূর্তি। ১৯৭০ সাল পর্যন্ত দেওয়া হয় এই ট্রফি।
বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফিটির যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। ১৯৭০ সালে ব্রাজিল তিনবার বিশ্বকাপ জিতে ট্রফি নিজেদের করে নিলে নতুন ট্রফির প্রয়োজন পড়ে। তখন ৫৩টি দেশের নকশা থেকে ইতালিয়ান শিল্পী সিলভিও গাজানিগার করা নকশাটি চূড়ান্ত করে ফিফা। ইতালির মিলান শহরের 'জিডিই বার্তোনি' নামক কারখানায় এটি তৈরি করা হয়
১৯৭৪ সাল থেকে নতুন ট্রফিতে একটি নতুন রেওয়াজ চালু করে ফিফা। ট্রফিটির নিচের অংশে প্রতি আসরের বিজয়ীর নাম খোদাই করা থাকে। ধারণা করা হয়, ২০৩৮ সাল পর্যন্ত বিজয়ীদের নাম লেখার জায়গা রয়েছে এই ট্রফিতে। এরপর হয়তো ফিফা আবারও নতুন কোনো নকশার ট্রফি উন্মোচন করবে।
