সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন উনাই সিমন
বিশ্বকাপ জয়ের আনন্দের রাতে স্পেনের উৎসবে যোগ হলো আরেকটি ব্যক্তিগত স্বীকৃতি। শিরোপা জয়ের পথে গোলপোস্টের নিচে অদম্য প্রহরী হয়ে থাকা উনাই সিমন পেলেন তার অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার। স্পেনের বিশ্বজয়ের অন্যতম কারিগর এই গোলরক্ষকের হাতে উঠেছে গোল্ডেন গ্লাভস।
পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন উনাই সিমন। প্রতিপক্ষের কঠিন সব আক্রমণ রুখে দিয়ে, গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ সব সেভ করে স্পেনের রক্ষণকে দিয়েছেন বাড়তি শক্তি। পুরো টুর্নামেন্ট জুড়ে মাত্র একবার তার হাত ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পেরেছে।
ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেও গোলবারের নিচে ছিলেন নির্ভরতার প্রতীক। তার দৃঢ়তায় স্পেনের রক্ষণ ছিল আরও শক্তিশালী। দু’বার মধ্যমাঠে এসে নষ্ট করে দিয়ে গেছেন আর্জেন্টিনার আক্রমণ। যেটি দলকে বিশ্বকাপের ট্রফি জয়ের পথে বড় সহায়তা করেছে।
এই পুরস্কারের আলোচনায় ছিলেন আরও কয়েকজন গোলরক্ষক। যারা টুর্নামেন্টের বিভিন্ন পর্যায়ে আলো ছড়ানো পারফরম্যান্সে নজর কেড়েছিলেন। তবে তারা দলকে চূড়ান্ত সাফল্য এনে দিতে পারেননি। সেই কাজ করে পুরস্কার জিতলেন উনাই সিমন।

স্পোর্টস ডেস্ক