কবে থেকে বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হয়?
বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হয়েছে আগেই। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার আগে এখনও বাকি রয়েছে সম্মান রক্ষার একটি ম্যাচ। সেই লক্ষ্যেই আজ মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। ব্রোঞ্জ পদকের এই ম্যাচে যেমন আছে মর্যাদার লড়াই। তেমনি রয়েছে ইতিহাস গড়া, বিশ্ব র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব রাখার সুযোগ এবং ব্যক্তিগত পুরস্কারের দৌড় জমিয়ে তোলার সম্ভাবনাও।
সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২–১ গোলে নাটকীয়ভাবে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। শেষ দিকে টানা দুই গোল হজম করে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় টমাস টুখেলের দলের। অন্যদিকে, স্পেনের কাছে ২–০ গোলে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ে ফ্রান্স। ফলে দুই দলই এখন বিশ্বকাপ শেষ করতে চায় অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করে।
বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের অতীত খুব একটা সুখকর নয়। এর আগে তারা দুইবার এই ম্যাচ খেলেছে। ১৯৯০ সালে স্বাগতিক ইতালির কাছে ২–১ এবং ২০১৮ সালে বেলজিয়ামের কাছে ২–০ গোলে হেরে চতুর্থ স্থানেই শেষ করতে হয়েছিল। বিপরীতে ফ্রান্স তিনবার এই ম্যাচ খেলেছে। ১৯৫৮ সালে পশ্চিম জার্মানিকে ৬–৩ এবং ১৯৮৬ সালে অতিরিক্ত সময়ে বেলজিয়ামকে ৪–২ গোলে হারিয়ে তৃতীয় হয়েছিল তারা। একমাত্র হারটি আসে ১৯৮২ সালে, সেবার পোল্যান্ডের কাছে ৩–২ গোলে পরাজিত হয় লে ব্লুরা।
ফ্রান্সের জন্য ম্যাচটির বাড়তি গুরুত্বও রয়েছে। এটি প্রধান কোচ দিদিয়ের দেশমের দায়িত্বে শেষ ম্যাচ। তাই জয় দিয়েই বিদায় নিতে চাইবেন তিনি। একই সঙ্গে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সামনে টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের সুযোগ রয়েছে। বর্তমানে গোলসংখ্যায় তিনি লিওনেল মেসির সমান থাকলেও অ্যাসিস্টে একটিতে পিছিয়ে আছেন। ফলে ব্যক্তিগত পুরস্কারের লড়াইটিও জমে উঠেছে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আয়োজনের অন্যতম বড় কারণ অর্থনৈতিক। এই ম্যাচের মাধ্যমে ফিফা অতিরিক্ত টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব এবং বিজ্ঞাপন থেকে উল্লেখযোগ্য রাজস্ব আয় করে। পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রভাব, হতাশা কাটিয়ে সম্মান নিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ এবং গোল্ডেন বুট বা গোল্ডেন গ্লাভসের মতো ব্যক্তিগত পুরস্কারের দৌড়ও এই ম্যাচকে গুরুত্বপূর্ণ করে তোলে।
বিশ্বকাপের শুরু থেকেই অবশ্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ছিল না। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে এমন কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ১৯৩৪ সালে, টুর্নামেন্টের দ্বিতীয় আসরে প্রথমবারের মতো এই ম্যাচ চালু হয়। সেই আসরে জার্মানি ৩–২ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে ইতিহাসের প্রথম বিশ্বকাপ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের বিজয়ী হয়েছিল।

স্পোর্টস ডেস্ক