ফাইনালের আগে অবাক করা ঘোষণা স্পেন তারকার
আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন মার্ক কুকুরেলা। ইউরোরে পর বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে স্পেনের জার্সিতে নিজের বর্ণিল যাত্রার ইতি টানতে চান এই ডিফেন্ডার। খবর গোল ডটকমের।
চলতি বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন কুকুরেলা। দলের প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট মাঠে থেকে নিজের সামর্থ্য ও ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। তার দৃঢ়তা ও লড়াকু মানসিকতা স্পেনের ফাইনালে ওঠার পথকে আরও শক্তিশালী করেছে।
কুকুরেলার বিশ্বাস, দেশের হয়ে ইউরো ২০২৪ এবং বিশ্বকাপের মতো দুটি বড় শিরোপা জিততে পারলে এর চেয়ে বড় অর্জনের আর কিছু বাকি থাকবে না।
কুকুরেলা বলেন, ‘আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে পরের দিন আমি কোচকে ফোন করে বলব, আমাকে আর দলে বিবেচনা না করতে। আমি জাতীয় দল থেকে অবসর নেব। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জিতলে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’

স্পোর্টস ডেস্ক