সেমিফাইনালের অদ্ভুত ধাঁধায় ফের আটকালেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পের জন্য ম্যাচটি হয়তো হয়ে থাকবে ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিগুলোর একটি। স্পেনের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফ্রান্স, সঙ্গে ভেঙে গেছে টানা তৃতীয়বার ফাইনাল খেলার স্বপ্ন।
এই হার শুধু ফ্রান্সের শিরোপা স্বপ্নই শেষ করেনি, সামনে এনেছে এমবাপ্পের ক্যারিয়ারের এক অদ্ভুত পরিসংখ্যান। তিন বিশ্বকাপ খেলে ২০ গোল করে তিনি এখন টুর্নামেন্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তবে, সেমিফাইনালে তিনি বরাবরই গোলবিহীন থেকেছেন। তিনবার সেমি খেললেও, গোল করতে পারেননি এমবাপ্পে।
২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে স্যামুয়েল উমতিতির একমাত্র গোলে জিতেছিল ফ্রান্স, সেদিন স্কোরশিটে ছিলেন না এমবাপ্পে। ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল পাননি তিনি। টানা তিন বিশ্বকাপ সেমিফাইনালে গোলশূন্য থাকার এই রেকর্ড এখন তার নামের পাশে জড়িয়ে গেছে।
অন্যদিকে টুর্নামেন্টের বাকি সব পর্বে যেন একাই ছড়ি ঘোরান এমবাপ্পে। ২০১৮ সালে পেরুর বিপক্ষে প্রথম গোলের পর থেকে প্রতিটি আসরেই নিয়মিত জালে বল জড়িয়েছেন তিনি। ২০২২ সালে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, পোল্যান্ড এবং ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করে নজর কাড়েন বিশ্বজুড়ে।
২০২৬ আসরেও ছিলেন দুর্দান্ত ছন্দে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল, ইরাকের বিপক্ষে একটি, সুইডেনের বিপক্ষে আরও দুটি, প্যারাগুয়ের বিপক্ষে জয়সূচক গোল এবং কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

স্পোর্টস ডেস্ক