টানা তৃতীয় ফাইনালের পথে ফ্রান্সের বাধা স্পেন
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। ফাইনালের টিকিট পেতে এবার তাদের সামনে বড় বাধা বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাত ১টায় বিশ্বকাপের প্রথম সেমিতে ডালাসে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ফ্রান্স-স্পেন।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স এবার ইতিহাস গড়ার দোরগোড়ায়। জার্মানি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য তাদের সামনে।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। টানা ছয় জয়ে গ্রুপ পর্ব শেষ করে তারা। এরপর নকআউটে সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। এই পথে তারা করেছে ১৬ গোল।
কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে কিছু সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের করে নেয় ফ্রান্স। প্রথমার্ধে পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপ্পে, তবে পরে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি উসমান দেম্বেলের গোলেও অবদান রাখেন তিনি। এমবাপ্পে-অলিসে-দেম্বেলের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া ফ্রান্সের ফরোয়ার্ড লাইন প্রতিপক্ষের রক্ষণভাগে নিয়মিত চাপ সৃষ্টি করছে।
ইতিহাস কিছুটা ফ্রান্সের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপের সর্বশেষ চার সেমিফাইনালের প্রতিটিতেই জয় পেয়েছে তারা, শেষ তিনটিতে কোনো গোলও হজম করেনি। এছাড়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে একমাত্র দেখাতে জয় পেয়েছিল ফ্রান্স, প্রায় দুই দশক আগে ৩-১ ব্যবধানে।
২০১০ সালের পর এই প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে খেলছে স্পেন। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভক্তদের মনে আশা জাগিয়েছে। ২০১৮ বিশ্বকাপের পর থেকে ২৭ ম্যাচে মাত্র এক হার, সর্বশেষ ১৪ ম্যাচে অপরাজিত থাকা এবং ৯টি ক্লিনশিট তাদের শক্তির বড় প্রমাণ।
দুই দলের সম্ভাব্য একাদশ
ফ্রান্স :
মাইক ম্যানিয়ান, জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়েন তচুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, মাইকেল অলিসে, আন্তোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপে।
স্পেন :
উনাই সিমন, দানি কারভাহাল, রবিন লে নরমঁ, আয়মেরিক লাপোর্ত, আলেহান্দ্রো বালদে, রদ্রি, পেদ্রি, ফাবিয়ান রুইস, লামিন ইয়ামাল, আলভারো মোরাতা, নিকো উইলিয়ামস।

স্পোর্টস ডেস্ক