তারকাদের কথার লড়াইয়ে বাড়ছে সেমির উত্তাপ
বিশ্বকাপে উত্তাপ ছড়াচ্ছে সেমির আগুন। সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। তারার হাটে এখন দেখার পালা, কারা টিকে থাকেন, কারা বাড়ির পথ ধরেন। আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড—প্রতিটি দলেই তারকার ছড়াছড়ি। লিওনেল মেসি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামালদের দিকে চেয়ে আছেন দলগুলোর ভক্তরা।
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নেওয়ায় উত্তেজনা তুঙ্গে। ১৪ জুলাই ডালাসে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। আটলান্টায় ১৫ জুলাই ইংল্যান্ড খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।
আর্জেন্টিনার সবার নজর লিওনেল মেসির দিকে। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে নতুন অভিজ্ঞতার সামনে তিনি। প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন ক্ষুদে জাদুকর।
এই প্রসঙ্গে মেসি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমি কখনও খেলিনি। তাই ম্যাচটি আমার জন্য বিশেষ হবে। তারা দারুণ একটি দল, বিশ্বের অন্যতম শক্তিশালী দলগুলোর একটি। এমন দলের বিপক্ষে খেলাটা সবসময়ই আনন্দের। বিশ্বকাপের সেমিফাইনাল হওয়ায় ম্যাচটি আরও বড় হতে যাচ্ছে।’
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বলেন, ‘এটা আমাদের জাতীয় দলের জন্য খুব দারুণ একটি সময়। আমরা এখন শেষ ধাপে পৌঁছাতে চাই। গত ছয় সপ্তাহ ধরে আমরা একসঙ্গে আছি এবং প্রতিদিন সর্বোচ্চটা দিচ্ছি।’
ফ্রান্সকে অনেকেই এগিয়ে রাখলেও সতর্ক থাকার কথা বলেছেন কিলিয়ান এমবাপ্পে–‘আমি একে মিশন বলব কি না জানি না, তবে আমরা জানি জিতলেই কেবল স্বস্তি পাব। তার আগে এক মুহূর্তের জন্যও ছাড় দেওয়া যাবে না। অপরাজেয় দল হিসেবে স্বীকৃতি পেতে হলে আমাদের এখনও অনেক কিছু প্রমাণ করতে হবে।’
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল কথা বলেছেন আত্মবিশ্বাসের সুরে— ‘টুর্নামেন্ট শুরুর পর থেকেই অনেকেই এই ম্যাচের (ফ্রান্সের বিপক্ষে) অপেক্ষায় ছিল। আমার কাছে এটি বিশ্বকাপের সেরা দুই দলের লড়াই। আমরা ভয় পাই না।’

স্পোর্টস ডেস্ক