ভক্তের আয়নায় সেমির উত্তাপ
বিশ্বকাপের এই সময়টায় এসে স্টেডিয়ামের গ্যালারি আর ড্রয়িংরুমের টিভি স্ক্রিন, দুই জায়গার আবেগ এক হয়ে যায়। কেউ চুপচাপ বসে থাকে, কেউ হিসাব কষে, আবার কেউ শুধু অপেক্ষা করে একটা মুহূর্তের জন্য, আবার কেউ থাকে প্রিয় দলের জন্যে প্রার্থনায় মগ্ন। সবাই জানে, এখানেই স্বপ্ন ভাঙে, আবার এখানেই নতুন ইতিহাস লেখা হয়।
ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় সৌন্দর্যটাই হলো, এখানে হিসাব সব সময় মেলে না। তবু একটা জায়গায় এসে সবকিছু আবার হিসাবেই ফিরে আসে। এবার যেমন, ফিফা র্যাঙ্কিয়ের শীর্ষ চার দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড আর স্পেন। কাগজে-কলমে যারা সেরা, তারাই এখন শেষ চারে।
কিন্তু এই পথটা মোটেও সহজ ছিল না। গ্রুপ পর্বেই বোঝা গিয়েছিল, এই বিশ্বকাপে অন্যরকম কিছু হতে যাচ্ছে। যাদের নিয়ে খুব একটা আলোচনা ছিল না, নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা সেই কেপ ভার্দে মাঠে নেমে বারবার চমকে দিয়েছে। বড় দলের বিপক্ষে ভয় না পেয়ে খেলেছে। পিছিয়ে থেকেও ম্যাচে ফিরেছে। শেষ পর্যন্ত পথ থেমে গেলেও, তাদের লড়াইটা অনেক ভক্তের মনে জায়গা করে নিয়েছে।
আর ঠিক সেই জায়গাতেই উল্টো গল্প ব্রাজিলের। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে যারা টুর্নামেন্ট শুরু করেছিল, তারা নকআউটেই থেমে গেছে। নরওয়ের কাছে সেই হারটা শুধু একটা ম্যাচ হারা না, অনেকের স্বপ্ন ভাঙার মুহূর্ত। খেলা শেষে নিস্তব্ধতা ছিল, যেন কেউই বিশ্বাস করতে পারছিল না কী হলো।
নকআউটে ঢোকার পর থেকে প্রতিটা ম্যাচ যেন আলাদা গল্প বলছে। কোয়ার্টার ফাইনালের চার ম্যাচে সেটা আরও পরিষ্কার। ফ্রান্স তাদের অভিজ্ঞতা দিয়ে চাপ সামলে এগিয়েছে, স্পেন দেখিয়েছে কীভাবে ছন্দ ধরে রেখে ম্যাচ নিয়ন্ত্রণে রাখা যায়। ইংল্যান্ডকে শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে, আর আর্জেন্টিনা আবারও প্রমাণ করেছে, বড় মঞ্চে তারা কেন আলাদা।
৯০ মিনিটের ভেতর শুধু গোল না, বদলে গেছে অনেক গল্প। কোথাও শেষ মুহূর্তের উত্তেজনা, কোথাও স্নায়ুচাপ, কোথাও বা নিখুঁত পরিকল্পনার জয়।
এখন সেমিফাইনাল। চারটা দল, চারটা আলাদা পথ পেরিয়ে এখানে আসা। কিন্তু একটা জায়গায় সবাই এক, কেউই আর ভুল করার সুযোগ পাবে না। কারণ একধাপ দূরেই ফাইনাল, আর ফাইনাল মানেই স্বপ্ন ছোঁয়ার সুযোগ।
ভক্তদের কাছে এই মুহূর্তটা শুধু খেলা না। কেউ এখনও ব্রাজিলের বিদায়ে হতাশ, কেউ কেপ ভার্দের লড়াই মনে করে গর্ব পায়। আবার কেউ নিজের প্রিয় দলের জন্য নিঃশব্দে প্রার্থনা করে। কারণ তারা জানে, একটা গোলেই বদলে যেতে পারে সবকিছু।
এই পর্যায়ে এসে ম্যাচগুলো আর শুধু ট্যাকটিকস বা ফর্মের লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না। এটা হয়ে যায় স্নায়ুর পরীক্ষা। একটা ছোট ভুল, একটা অসতর্ক মুহূর্ত, সব শেষ করে দিতে পারে। আবার একটিমাত্র সাহসী সিদ্ধান্ত একজন খেলোয়াড়কে নায়ক বানিয়ে দিতে পারে।
একজন ভক্ত এটাই চায়, তার প্রিয় দল সেই শিরোপা জিতুক। সেই মুহুর্তের অপেক্ষায় তারা বসে থাকে, অপেক্ষায় থাকে, প্রার্থনায় থাকে।

স্পোর্টস ডেস্ক