বেলিংহামের গোল বিতর্কের ব্যাখ্যা দিল ফিফা
থামছে না রেফারিং বিতর্ক। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচেও জন্ম হয়েছে বিতর্কের। নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের সমতাসূচক গোল ঘিরে শুরু হওয়া বিতর্কের জবাব দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বলে থাকা সেন্সরের তথ্যে বল ক্যামেরার তারে স্পর্শ করার কোনো প্রমাণ মেলেনি। ফলে জুড বেলিংহামের গোল বাতিল করার মতো কোনো কারণ ছিল না বলে স্পষ্ট করেছে ফিফা।
মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জুড বেলিংহামের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। আর সেই গোল ঘিরেই শুরু হয় বিতর্ক।
নরওয়ের দাবি ছিল, গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ডের নেওয়া একটি লম্বা গোলকিক বাতাসে থাকা অবস্থায় স্টেডিয়ামের ওপরে থাকা ক্যামেরা ব্যবস্থার একটি তারে স্পর্শ করেছিল। এরপর বলটি ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনের কাছে যায়। সেখান থেকে অ্যান্থনি গর্ডনের পাসে গোল করেন বেলিংহাম।
গোলের পরই আর্লিং হালান্ডসহ নরওয়ের খেলোয়াড়রা রেফারির কাছে আপত্তি জানান। তাদের দাবি ছিল, বল বাইরের কোনো বস্তুর সংস্পর্শে এলে খেলা থামিয়ে ড্রপ বলের মাধ্যমে পুনরায় শুরু করা উচিত ছিল। তবে রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও (ভিএআর) সেই সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন মনে করেননি।
বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় ফিফা। সংস্থাটি জানায়, ইংল্যান্ডের গোলের আগে বাতাসে থাকা অবস্থায় বলের ভেতরে থাকা কানেক্টেড বল প্রযুক্তির সেন্সরে কোনো অস্বাভাবিক কম্পন বা হার্টবিট শনাক্ত হয়নি। তাই বলটি ওপরের ক্যামেরার তারে স্পর্শ করেছে কিংবা এর গতিপথ পরিবর্তন হয়েছে, এমন কোনো প্রমাণ মেলেনি।
ফিফার এই ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও নরওয়ে শিবিরে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে।

স্পোর্টস ডেস্ক