ব্রাজিল-পর্তুগালের বিদায়ের পর স্কালোনির বার্তা
চলতি বিশ্বকাপ ৪৮ দল নিয়ে করায় অনেকেই সমালোচনা করেছিলেন যে, বিশ্বকাপের উন্মদনা থাকবে না তেমন একটা। তবে আলোচনার বাইরে থাকা কিংবা তুলনামূলক ছোট দলগুলোর পারফরম্যান্স সেই সমালোচনাকে উড়িয়ে দিয়েছে। দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছে দলগুলো। ইতোমধ্যে বিদায় হয়েছে বেশ কয়েকটি বড় দলের। তাই এবারের বিশ্বকাপে আর কাউকে ফেভারিট কিংবা হট ফেভারিট ভাবার সুযোগ নেই।
সেই কথা স্মরণ করিয়ে দিলেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে মাঠে নামার আগে স্কালোনি মন্তব্য করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এবারের আসরটি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে সোমবার এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, এবারের বিশ্বকাপ সবার জন্যই ভীষণ কঠিন। এখানে আর কোনো স্পষ্ট ফেভারিট নেই। পরিস্থিতি আগের সব আসরের চেয়ে একেবারেই ভিন্ন।’
গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বেশ বেগ পেতে হয়েছে কেপ ভার্দের বিপক্ষে। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ৩-২ গোলে কষ্টার্জিত জয় পায় স্কালোনির দল। শুধু আর্জেন্টিনাই নয়, টুর্নামেন্টের বড় দলগুলোর অবস্থাও শোচনীয়। ব্রাজিল ও পর্তুগাল ইতিমধ্যেই বিদায় নিয়েছে। জার্মানি, নেদারল্যান্ডস, উরুগুয়ের মতো জায়ান্টরাও হারিয়েছে তাদের শক্তিমত্তা। ফ্রান্সও শেষ ষোলোয় জয় পেয়েছে অনেক কষ্টে।
স্কালোনি বলেন, ‘বিশ্বকাপে আগে আমরা যেমনটা দেখতাম, এবার তেমনটা নয়। ফেভারিট হিসেবে যাদের ধরা হয়েছিল, তারা প্রত্যাশা অনুযায়ী ফুটবল খেলতে পারছে না। খেলোয়াড়দের ওপর অনেক ম্যাচের ধকল রয়েছে। এছাড়া গরম আবহাওয়া, ভ্রমণক্লান্তি এবং মাঠের পরিস্থিতি—সব মিলিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখাটা বেশ কঠিন হয়ে পড়েছে।’
তবে এত অঘটনের মধ্যেও নিজের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট স্কালোনি। তিনি বলেন, ‘আমরা চারটি ম্যাচই জিতেছি, এটা অবশ্যই সন্তুষ্টির জায়গা। তবে উন্নতির সুযোগ সব সময় থাকে। প্রতিটি ম্যাচই এখন আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ।’

স্পোর্টস ডেস্ক