ব্রাজিলের হারের রাতেও নেইমারের রেকর্ড
বিশ্বকাপ খেলতে এসেছিল ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। তবে ব্রাজিলের সেই পথচলা খুব বেশি দূর এগুলো না। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে থেমে গেল ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের পথচলা। আর্লিং হলান্ডের জোড়া গোলে ২-১ গোলে হেরেছে সেলেসাওরা। ম্যাচের শেষদিকে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন নেইমার জুনিয়র।
দল হারলেও ব্যক্তিগত অর্জনে অনন্য এক উচ্চতায় পৌঁছেছেন নেইমার জুনিয়র। নরওয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে ব্রাজিলের ইতিহাসে বিশ্বকাপে ‘১০ নম্বর’ জার্সি পড়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এখন তিনি।
পেছনে ফেলেছেন কিংবদন্তি পেলে ও রিভালদোর মতো মহাতারকাদের। ব্রাজিলের ঐতিহ্যবাহী এই জার্সি গায়ে বিশ্বকাপে এটি ছিল নেইমারের ১৫তম ম্যাচ। ২০১৪, ২০১৮, ২০২২ এবং সর্বশেষ ২০২৬—টানা চারটি বিশ্বকাপে তিনি এই মাইলফলক গড়লেন।
এর আগে ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরে বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ১৪টি ম্যাচ খেলার রেকর্ড ছিল ফুটবল সম্রাট পেলে এবং রিভালদোর। পেলে ১৯৫৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন। অন্যদিকে, রিভালদো ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে টানা ম্যাচগুলোতে এই ১০ নম্বর পরে খেলেছিলেন।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই নেইমার তাদের ছুঁয়ে ফেলেছিলেন। আর নরওয়ের বিপক্ষে মাঠে নেমে তিনি এখন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ বার ‘১০ নম্বর’ জার্সি গায়ে মাঠে নামার রেকর্ড এককভাবে নিজের করে নিলেন।
নেইমারের এই দীর্ঘ যাত্রাটা মোটেও সহজ ছিল না। চোটের সঙ্গে লড়াই করে বারবার ফিরে এসেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে মেরুদণ্ডের চোট, ২০১৮ ও ২০২২ আসরে গোড়ালির সমস্যা—সব বাধা পেরিয়ে তিনি খেলে গেছেন। এবারের ২০২৬ বিশ্বকাপেও চোট কাটিয়ে ধীরে ধীরে ফিরতে হয়েছে তাকে।
ব্রাজিল ফুটবলে ১০ নম্বর জার্সির মর্যাদা আকাশচুম্বী। পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহোর মতো কিংবদন্তিরা এই জার্সির ঐতিহ্য বহন করেছেন। ২০১৪ সালে সেই ভার ওঠে নেইমারের কাঁধে। ইতোমধ্যেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিজের করে নেওয়া নেইমার এবার এই রেকর্ডটিও নিজের নামে লিখিয়ে নিলেন।
ম্যাচ বাঁচাতে অবশ্য এই রেকর্ড কোনো কাজে আসেনি। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের হয়ে নিজের গোলের সংখ্যা ৮০-তে নিয়ে গেছেন নেইমার। কিন্তু সেই গোল কেবল হারের ব্যবধানই কমিয়েছে, ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেকে বিদায় আটকাতে পারেনি।

স্পোর্টস ডেস্ক