প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে গেল মিসর
ম্যাচের শুরুতে দাপট দেখাল মোহাম্মদ সালাহ'র মিসর। তার সুফল হিসেবে গোলও আদায় করে নিল তারা। তবে সেই দাপট পুরো প্রথমার্ধে টিকিয়ে রাখতে পারেনি মিসর। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আক্রমণে তাদের ওপর ছড়ি ঘুরিয়েছে অস্ট্রেলিয়া।
আজ শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২টায় শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া আর মিসর। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে মিসর।
ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় মিসর। ডান দিক থেকে দ্রুত আক্রমণ গড়ে তোলে তারা। বক্সের ভেতরে ঢুকে পড়ে নিচু শটে বল জালে পাঠান ইমাম আশুর। অস্ট্রেলিয়ার ডিফেন্স তখন পুরোপুরি ছন্নছাড়া ছিল, সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি তিনি।
গোল হজমের পর থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। বিশেষ করে বাম দিক দিয়ে একাধিক আক্রমণ চালায় তারা। তবে ফাইনাল থার্ডে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধে তাদের নেওয়া ৬টি শটের মধ্যে মাত্র ২টি ছিল লক্ষ্যে।
অন্যদিকে, মিসর তুলনামূলক কম আক্রমণ করলেও ছিল বেশি কার্যকর। ৪টি শটের মধ্যে ২টিই ছিল লক্ষ্যে। যার একটি থেকেই এসেছে গোল। মাঝমাঠে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়েছে দলটি। বল দখলেও এগিয়ে রয়েছে মিসর। ৬০ শতাংশ পজিশন ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকেই রেখেছে তারা।
অস্ট্রেলিয়া চেষ্টা করলেও গোলের দেখা পাচ্ছে না। অন্যদিকে, লিড ধরে রেখে নিয়ন্ত্রিত ফুটবল খেলছে মিশর।

স্পোর্টস ডেস্ক