কবে অবসর নেবেন রোনালদো, জানালেন নিজেই
ক্রিস্টিয়ানো রোনালদোর অবসর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার বোন কাতিয়ার একটি বিবৃতিতে হাওয়া লেগেছে গুঞ্জনের পালে। কাতিয়া জানিয়েছেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো। যাতে ভক্তদের মাঝে দানা বেঁধেছিল আবেগও।
ভক্তদের অবশ্য স্বস্তি দিলেন পর্তুগিজ মহাতারকা। অবসর নিয়ে কী ভাবছেন, জানালেন নিজেই। রোনালদোর বরাত দিয়ে ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো লিখেছেন, এখনই অবসরের কথা ভাবছেন না সিআরসেভেন।
রোনালদো বলেন, ‘আমি এই ব্যাপারে পরে কথা বলব। জিতি বা হারি, আমার হাতে যথেষ্ট সময় আছে। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলব। তারপর আমি নিজের সিদ্ধান্ত জানাব।’
নিজের শেষ বিশ্বকাপটা উপভোগ করছেন সিআরসেভেন। প্রথম ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন। হতাশা ছিল নকআউট পর্ব নিয়ে। এর আগে ৮ ম্যাচ খেললেও সেখানে গোল পাননি। আজ ৬৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে সেই অতৃপ্তিও ঘুচিয়েছেন সিআরসেভেন। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
শুধূ তাই নয়। কানাডার টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ৩২- এর ম্যাচে মাঠে নেমে নতুন এক ইতিহাস গড়লেন পর্তুগিজ সুপারস্টার। ৪১ বছর ৪ মাস ২৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে শুরুর একাদশে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন তিনি।

স্পোর্টস ডেস্ক