তবু ‘জোতা’রে দেব না ভুলিতে...
রেফারি শেষ বাঁশি বাজিয়েছেন অনেকক্ষণ। টরোন্টো স্টেডিয়ামের আলো নিভু নিভু। দর্শকরা যে যার মতো ফেরার পথ ধরেছেন ততক্ষণে। কেউ কেউ স্টেডিয়ামে ছিলেন তখনও। যারা ছিলেন, তারা সাক্ষী হয়েছে চমৎকার এক মুহূর্তের। রোলার কোস্টারে চড়া এক ম্যাচের পর যা আত্মাকে এনে দিয়েছে পরিতৃপ্তি। খেলায় হারজিত থাকে। কিন্তু, সেই দৃশ্যে কোনো হার ছিল না। জিতেছে মানবতা, জিতেছে বন্ধুত্ব।
টরোন্টোয় আজ শুক্রবার (৩ জুলাই) ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনায় স্কোরলাইন নয়, অন্যকিছু। ছিল রোনালদোর চোখভেজা এক মুহূর্ত। প্রয়াত সতীর্থ দিয়োগো জোতার ২১ নম্বর জার্সি গায়ে তুলে নীরবে শ্রদ্ধা জানান পর্তুগিজ তারকা। আকাশের দিকে তাকিয়ে থাকা সেই মুহূর্ত যেন ছুঁয়ে যায় পুরো ফুটবল বিশ্বকে।
সেখানেই থেমে থাকেননি সিআরসেভেন। জোতার ২১ নম্বর জার্সিকে সামনে রেখে পুরো দলকে নিয়ে ছবি তোলেন তিনি। মৃত্যবার্ষিকীতে সতীর্থকে জয় উপহার এনে দিতে পেরেছেন রোনালদো। তৃপ্তির সঙ্গে চোখে ছিল এমন মঞ্চে জোতাকে না পাওয়ার কষ্ট।
ম্যাচের আগে থেকেই জোতাকে ঘিরে ছিল আলাদা আবেগ। পর্তুগাল শিবিরে তার স্মৃতি নিয়ে আলোচনা হয় ড্রেসিংরুমেই। ৩ জুলাই ২০২৫ সালে স্পেনের পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় দিয়াগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যু হয়। মাত্র ২৮ বছর বয়সে থেমে যায় জোতার জীবন। রেখে যান জাতীয় দলের ৪৯ ম্যাচে ১৪ গোলের অবদান।
ম্যাচের পর জোতাকে নিয়ে রোনালদো জানান, তারা আগে থেকেই বুঝতে পারছিলেন দিনটা জোতার জন্য বিশেষ হতে পারে। শুধু জয় নয়, যেভাবে দল লড়াই করে ম্যাচ জিতেছে, সেটাও তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।

স্পোর্টস ডেস্ক