স্পেন নাকি অস্ট্রিয়া, কারা জিতবে? জানাল সুপারকম্পিউটার
২০১০ সালের বিশ্বকাপের পর নকআউট পর্বে আর জয় পায়নি স্পেন। যদিও এবারের অবস্থাটা কিছুটা ভিন্ন। বিশ্বকাপের শিরোপা জয়ের দৌড়ে অনেকটা এগিয়ে রাখা হচ্ছে লা রোহাদের। দলটিও আছে বেশ ছন্দে। ১৬ বছরের অপেক্ষা কাটিয়ে নকআউটে জয় তুলে নেওয়ার মিশনে স্পেনের সামনে বাধা অস্ট্রিয়া।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হবে স্পেন আর অস্ট্রিয়া।
গ্রুপ এইচের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে স্পেন। শেষ ম্যাচে অ্যালেক্স বায়েনার একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল। এর আগে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে কিছুটা হতাশ করেছিল তারা। ফলে নকআউটে আবারো নিজেদের সেরা ফুটবল খেলতে মুখিয়ে আছে লা রোহারা।
এবারের বিশ্বকাপের শুরু থেকেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়ে আলোচনায় এসেছে অপ্টার সুপারকম্পিুউটার। স্পেন-অস্ট্রিয়ার এই লড়াই নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে সুপারকম্পিউটারটি। অপ্টার সুপারকম্পিউটার ২৫ হাজার বার সিমুলেশন করার পর জানিয়েছে, শেষ ১৬-তে যাওয়ার লড়াইয়ে স্পষ্ট ফেভারিট স্পেন।
সুপারকম্পিউটারের তথ্য অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় স্পেনের জয়ের সম্ভাবনা ৭০.৬ শতাংশ। বিপরীতে, অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১২.২ শতাংশ। ম্যাচটি ড্র, অতিরিক্ত সময় বা টাইব্রেকারের গড়ানোর সম্ভাবনা ১৭.৩ শতাংশ। সামগ্রিকভাবে, সুপারকম্পিউটারের হিসেবে স্পেনের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ৭৯.২ শতাংশ আর অস্ট্রিয়ার সম্ভাবনা ২০.৮ শতাংশ।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও কথা বলছে স্পেনের পক্ষেই। অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের শেষ ৫টি ম্যাচে অপরাজিত রয়েছে স্পেন। যেখানে ৪টি জিতেছে আর একটি ড্র হয়েছে। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৯ সালে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে স্পেন ৫-১ ব্যবধানে জয় পায়। তবে একটি কারণে স্পেনকে সতর্ক থাকতে হবে, ১৯৭৮ সালের বিশ্বকাপে অস্ট্রিয়ার সঙ্গে একমাত্র দেখায় তারা ২-১ ব্যবধানে হেরেছিল।
তবে সতর্ক থাকতেই হবে স্পেনকে। কারণ পরিসংখ্যানই সব নয়। চলতি বিশ্বকাপে দেখা মিলেছে অনেক অঘটনের। বিশেষ করে নকআউটে বড়গুলোকেও ভয় পাইয়ে দিচ্ছে তুলনামূলক ছোট দলগুলো।

স্পোর্টস ডেস্ক