মেসিকে চ্যালেঞ্জ জানালেন কেপ ভার্দে ডিফেন্ডারের মা
বিশ্বকাপে লিওনেল মেসির মতো একজন গোলমেশিনের বিপক্ষে নামা যেকোনো ডিফেন্ডারের জন্যই বড় পরীক্ষা। কিন্তু কেপ ভার্দের সেন্টার ব্যাক রবার্তো পিকো লোপেসের জন্য বিষয়টা ভয় নয়, বরং নিজেকে প্রমাণ করার এক বড় সুযোগ। তার মা জুডি লোপেসও মনে করেন, চাপের মুহূর্তে পিকো বরং আরও বেশি স্বাভাবিক থাকেন। আর বড় ম্যাচে নিজেকে মেলে ধরেন।
বিবিসি স্পোর্টসকে পিকোর মা বলেন, ‘মেসির চ্যালেঞ্জ নিতে আমার ছেলে তৈরি। মেসি দারুণ ছন্দে আছে। কিন্তু আমার ছেলে সবসময় চাপের মুখে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
এবারের বিশ্বকাপে কেপ ভার্দে নিজেদের ইতিহাস নতুন করে লিখেছে। স্পেন, উরুগুয়ে আর সৌদি আরবের মতো শক্তিশালী দলের গ্রুপ থেকে তারা জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। তিন ম্যাচে তারা কোনো হার ছাড়াই তিনটি ড্র করেছে। পুরো গ্রুপ পর্বে মাত্র দুই গোল হজম করে তারা দেখিয়েছে তাদের রক্ষণভাগ কতটা শৃঙ্খলাবদ্ধ ও সংগঠিত।
স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে শুরু করা এই যাত্রাই ছিল তাদের আত্মবিশ্বাসের ভিত্তি। এরপর উরুগুয়ের বিপক্ষেও তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আরেকটি ড্র নিশ্চিত করে তারা নকআউট পর্বে জায়গা করে নেয়। যা তাদের প্রথম বিশ্বকাপেই বড় অর্জন হিসেবে ধরা হচ্ছে।
এই রক্ষণভাগের মূল দুই ভরসা হলো পিকো লোপেস এবং ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। তাদের নেতৃত্বে কেপ ভার্দে এখন এক শক্ত ও সংগঠিত রক্ষণদেয়ালে পরিণত হয়েছে। বড় বড় দলের বিপক্ষেও তারা সহজে ভেঙে পড়েনি। বরং ম্যাচ ধরে ধরে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
এবার সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন দল এখন পর্যন্ত মাত্র এক গোল হজম করেছে এবং আক্রমণে রয়েছে দুর্দান্ত ছন্দে। ছয় গোল করা মেসি টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন। আর এটিই তার শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা থাকায় ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গেছে।
পিকোর মা জুডি লোপেস এখনো পুরো বিষয়টিকে অবিশ্বাসের চোখে দেখছেন। ডাবলিনে স্কুলের সেক্রেটারির কাজ সাময়িকভাবে রেখে তিনি ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে গেছেন। তার কথায়, তারা কখনও ভাবেননি কেপ ভার্দে গ্রুপ পর্ব পার হতে পারবে। কারণ সেখানে স্পেন আর উরুগুয়ের মতো শক্তিশালী দল ছিল।
জুডি লোপেসের বিশ্বাস একটাই, ফুটবলে কিছুই আগে থেকে নিশ্চিত নয়। ৯০ মিনিটে ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াইয়ে যেকোনো কিছুই ঘটতে পারে। আর্জেন্টিনা ফেভারিট হলেও কেপ ভার্দে এখন এই বিশ্বকাপের সবচেয়ে বড় আন্ডারডগ গল্পগুলোর একটি, আর সেই গল্প এখনও শেষ হয়নি।

স্পোর্টস ডেস্ক