শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে বেলজিয়ামের সামনে সেনেগাল
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও সেনেগাল। গ্রুপ পর্বে দুই দলই ধীরগতিতে শুরু করলেও শেষ ম্যাচে বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তাই শেষ ষোলোর টিকিটের এই লড়াইয়ে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে।
বুধবার (১ জুলাই) দিনগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি হবে সেনেগাল আর বেলজিয়াম। ম্যাচটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস আর সময় টিভি। অনলাইনে দেখা যাবে ট্রফি, বায়োস্কোপ, আই-স্ক্রিণ, মাই রবি আর মাই এয়ারটেল অ্যাপে।
বেলজিয়াম প্রথম দুই ম্যাচে মিশর ও ইরানের সঙ্গে ড্র করলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে। বিশ্বকাপে এটি ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয়। সেই ম্যাচে জোড়া গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড, আর একটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করেন রোমেলু লুকাকু। মাঝমাঠে কেভিন ডি ব্রুইনের অভিজ্ঞতা ও সৃজনশীলতাও দলের অন্যতম শক্তি।
সেনেগালের শুরুটা ছিল কঠিন। প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে বিদায়ের শঙ্কায় পড়েছিল তারা। তবে শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়ে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে নকআউট নিশ্চিত করে। ইসমাইলা সার এখন পর্যন্ত দলের সবচেয়ে বড় ভরসা। তিনি তিনটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন। অভিজ্ঞ সাদিও মানে ও ইদ্রিসা গানা গুইয়ের দিকেও তাকিয়ে থাকবে সেনেগাল।
এটি হবে বেলজিয়াম ও সেনেগালের প্রথম আন্তর্জাতিক মুখোমুখি। তবে বিশ্বকাপে ইউরোপীয় দলের বিপক্ষে সেনেগালের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। শেষ চারটি ম্যাচেই তারা হেরেছে। অন্যদিকে, আফ্রিকান দলের বিপক্ষে বেলজিয়াম ছয় ম্যাচে মাত্র একবার হেরেছে। এই পরিসংখ্যান অবশ্য মাঠের লড়াইয়ে খুব বেশি প্রভাব ফেলবে না। তবে দুই দলের সাম্প্রতিক ধারার একটি ধারণা দেয়।
নকআউট পর্বের অভিজ্ঞতায় এগিয়ে বেলজিয়াম। ২০১৮ বিশ্বকাপে তারা তৃতীয় স্থান দখল করেছিল। অন্যদিকে, সেনেগালের সেরা সাফল্য ২০০২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা। সেই আসরে শেষ ষোলোতে সুইডেনকে হারিয়ে ইতিহাস গড়েছিল তারা। তবে এরপর আর বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি সেনেগাল।
দুই দলই গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঁচ গোল করে জয় পাওয়ায় আত্মবিশ্বাসের দিক থেকে কেউই পিছিয়ে নেই। বেলজিয়াম অভিজ্ঞতা ও তারকাসমৃদ্ধ দল নিয়ে মাঠে নামবে। আর সেনেগাল ভরসা করবে গতি, শক্তি ও দ্রুত পাল্টা আক্রমণের ওপর। সবমিলিয়ে শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে দর্শকদের জন্য দারুণ একটি ম্যাচ অপেক্ষা করছে।
দুই দলের সম্ভাব্য একাদশ
বেলজিয়াম: থিবো কোর্তোয়া; টিমোথি কাস্তানিয়ে, জেনো ডেবাস্ট, আর্থার থিয়াতে, ম্যাক্সিম ডে কুইপার; আমাদু ওনানা, ইউরি তিলেমান্স, কেভিন ডি ব্রুইনে; জেরেমি ডোকু, লিয়ান্দ্রো ট্রোসার্ড, রোমেলু লুকাকু।
সেনেগাল: এদুয়ার মেন্ডি; আন্তোয়ান মেন্ডি, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, ইসমাইল ইয়াকবস; ইদ্রিসা গানা গুইয়ে, পাপে মাতার সার, লামিন কামারা; ইসমাইলা সার, সাদিও মানে, নিকোলাস জ্যাকসন।

স্পোর্টস ডেস্ক