ব্রাজিলের মুখোমুখি হওয়ার লড়াইয়ে আইভরি কোস্ট-নরওয়ে
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে মুখোমুখি হচ্ছে আইভরি কোস্ট ও নরওয়ে। দুই দলই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে। এখন আর ভুলের সুযোগ নেই। জয়ী দল এগিয়ে যাবে শেষ ষোলোয়, যেখানে অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শেষ বত্রিশের এই লড়াইয়ের বিজয়ী দল আগামী ৬ জুলাই (সোমবার) বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে।
আইভরি কোস্টের জন্য এটি বিশেষ এক উপলক্ষ। ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের পর চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে এবারই প্রথম নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বে জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তের হার ছাড়া বাকি দুই ম্যাচেই জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে শেষ বত্রিশে উঠেছে ‘এলিফ্যান্টস’রা। কোচ এমেরসে ফায়ের অধীনে দলটি শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দুই প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলার কৌশলে প্রতিপক্ষকে ভুগিয়েছে।
আক্রমণভাগে আইভরি কোস্টের সবচেয়ে বড় ভরসা নিকোলাস পেপে। কুরাসাওয়ের বিপক্ষে জোড়া গোল করে দারুণ ছন্দে আছেন সাবেক আর্সেনাল তারকা। তার সঙ্গে তরুণ উইঙ্গার ইয়ান দিয়োমান্দের গতি, ড্রিবলিং ও সুযোগ তৈরির দক্ষতা আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। মাঝমাঠে ফ্র্যাঙ্ক কেসি, ইব্রাহিম সাঙ্গারে ও সেকো ফোফানার অভিজ্ঞতা দলটিকে দিয়েছে প্রয়োজনীয় ভারসাম্য।
অন্যদিকে ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরে প্রথম দুই ম্যাচে ইরাক ও সেনেগালকে হারিয়ে নকআউট নিশ্চিত করে স্ক্যান্ডিনেভিয়ানরা। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলে হেরেছিল তারা। তবে সেই ম্যাচে একাধিক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন কোচ স্টালে সোলবাকেন। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই নকআউটের এই ম্যাচে মাঠে নামবে নরওয়ে।
নরওয়ের সবচেয়ে বড় শক্তি আর্লিং হালান্ড। প্রথম দুই ম্যাচে চার গোল করে দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকারকে থামানোই হবে আইভরি কোস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অধিনায়ক মার্টিন ওদেগার্দের সৃজনশীলতা, আলেকজান্ডার সরলথের উপস্থিতি এবং আন্তোনিও নুসার গতি নরওয়ের আক্রমণকে আরও ধারালো করেছে। রক্ষণে ক্রিস্টোফার আজের ও লেও অস্তিগার্ডের জুটিও বেশ নির্ভরযোগ্য।
দুই দলের মধ্যে এটিই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপে ইউরোপের দলগুলোর বিপক্ষে আইভরি কোস্টের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। অন্যদিকে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে নরওয়ের রেকর্ড তুলনামূলক ভালো। তবে নকআউটের মঞ্চে অতীতের পরিসংখ্যান খুব বেশি গুরুত্ব পায় না। একটি মুহূর্ত, একটি ভুল কিংবা কোনো ফুটবলারের ব্যক্তিগত নৈপুণ্যই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। তাই ডালাসে ইতিহাস গড়ার স্বপ্ন আর শেষ ষোলোয় ব্রাজিলের মুখোমুখি হওয়ার সুযোগ দুইয়ের লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
সম্ভাব্য একাদশ
আইভরি কোস্ট : ইয়াহিয়া ফোফানা, গেলা দুয়ে, ওসমান দিয়োমান্দে, ইভান এনদিকা, ক্রিস্টোফার ওপেরি, ফ্র্যাঙ্ক কেসি, ইব্রাহিম সাঙ্গারে, সেকো ফোফানা, আমাদ দিয়ালো, ইয়ান দিয়োমান্দে, নিকোলাস পেপে।
নরওয়ে : ওরইয়ান নিয়লান্ড, জুলিয়ান রাইয়ারসন, ক্রিস্টোফার আজের, লেও অস্তিগার্ড, ডেভিড মোলার উলফ, সানদের বের্গে, প্যাট্রিক বের্গ, মার্টিন ওদেগার্দ, আন্তোনিও নুসা, আর্লিং হলান্ড, আলেকজান্ডার সরলথ।

স্পোর্টস ডেস্ক