ঘানাকে পেছনে ফেলে গ্রুপ সেরা হওয়ার আশা নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া
গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দুই দলের জন্যই সমীকরণ মেলানোর। তাই ম্যাচের শুরু থেকে বেশ সতর্ক দেখা গেল ক্রোয়েশিয়া-ঘানাকে। ধরিগতির ম্যাচে বেশিরভাগ সময় মধ্যমাঠেই বল দখলের লড়াইয়ে দেখা গেলে দুই দলকে। তেমন সুযোগও তৈরি করতে পারল না। তবে এর মাঝেই ঘানার জালে বল জড়িয়ে এগিয়ে গেছে ক্রোয়েশিয়া। আশা দেখছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার।
আজ রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ‘এল’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে মুখোমুখি হয়েছে ঘানা আর ক্রোয়েশিয়া। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া।
ম্যাচের শুরুটা হয় ঢিলেঢালা ভাবে। দুই দলই বলের দখল রেখে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। প্রথম ১৫ মিনিট দেখা মেলে এই দৃশ্যের। এই সময়ে কোনো দলই গোলেও শট নিতে পারেনি।
ম্যাচের ১৬তম মিনিটে এসে গোলের জন্য প্রথম শট নেয় ক্রোয়েশিয়া। বামপ্রান্ত দিয়ে বল নিয়ে ওপরে উঠে ডি-বক্সের কিছুটা বাইরে থাকা নিকোলা ভ্লাশিচকে খুঁজে নেন ক্রোয়েশিয়ান ফুটবলার। ফাঁকায় থাকা ক্রোয়াট মিডফিল্ডার সেখান থেকেই দূরের পোস্টে কোনাকুণি শট নিয়েছিলেন। কিন্তু সেটি ফেরত আসে গোলবারে লেগে।
ম্যাচের ৩২তম মিনিটে ক্রোয়েশিয়াকে লিড এনে দেন পিটার সুচিচ। বামপ্রান্ত থেকে মাতেও কোভাচিচ পাস দেন সুচিচকে। বক্সের অনেকটা বাইরে থেকে আচমকাই শট নেন তিনি। মাটি কামড়ে গোলবারের কোনা দিয়ে গিয়ে জালে জড়ায় বল। গোলরক্ষক ঝাপিয়ে পড়েও সেটি আটকাতে পারেনি। অবশ্য আরেকটু ভালো করার সুযোগ ছিল তার।
গোল পেয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় ক্রোয়েশিয়া। বামপ্রান্ত ধরে আরও কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করে ক্রোয়াটরা। যদিও সফল হতে পারেনি আর। আটকে গেছে ঘানার রক্ষণে।
ম্যাচের ৩৯তম মিনিটে ক্রোয়েশিয়ার রক্ষণে ভীতি ছড়ান অ্যান্টনি সেমেনিও। বল নিয়ে ডি-বক্সের মধ্যে ঢুকে পড়ে দূরের পোস্টে শট নিয়েছিলেন তিনি। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বল বেড়িয়েও গিয়েছিল। কিন্তু চলে যায় গোলবারের সামান্য বাইরে দিয়ে। ম্যাচে এটাই ছিল ঘানার প্রথম ভালো আক্রমণ।
পরে আরও দুয়েকবার চেষ্টা চালিয়ে গোল পরিশোধ করার। তবে সফল হতে পারেনি আফ্রিকার দলটি। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে গেছে ঘানা।
