প্রথমার্ধেই ১০ জনের দল ইরাক, এগিয়ে থেকে বিরতিতে সেনেগাল
ফিফা ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে ইরাকের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না সেনেগালের। সেই লক্ষ্যেই দারুণ শুরু করেছে আফ্রিকার দলটি। হাবিব দিয়ারার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা।
টরন্টোর বিএমও ফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। চতুর্থ মিনিটেই আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে আব্দুলায়ে সেকের হেড ইরাকের রক্ষণে জটলা তৈরি করলে সুযোগ বুঝে কাছ থেকে বল জালে পাঠান হাবিব দিয়ারা। সেকের অ্যাসিস্টে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।
গোল হজমের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বড় বিপদে পড়ে ইরাক। ১৩তম মিনিটে সাদিও মানেকে এককভাবে গোলের সুযোগে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রেবিন সুলাকা। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হচ্ছে এশিয়ার দলটিকে।
একজন বেশি নিয়ে খেলেও ব্যবধান বাড়াতে পারেনি সেনেগাল। সাদিও মানে, ইসমাইলা সার ও নিকোলাস জ্যাকসন একের পর এক আক্রমণ চালালেও ইরাকের গোলরক্ষক আহমেদ বাসিল কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন। বিশেষ করে ইসমাইলা সারের একটি জোরালো শট এবং মানের দুটি আক্রমণ রুখে দেন তিনি।
অন্যদিকে, ১০ জনের ইরাক প্রথমার্ধে খুব কমই আক্রমণে উঠতে পেরেছে। বলের দখল ও আক্রমণ- দুই দিকেই আধিপত্য ছিল সেনেগালের। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
এখন দ্বিতীয়ার্ধে আরও গোল করে নিজেদের গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্য থাকবে সেনেগালের। অন্যদিকে, ১০ জনের ইরাক সমতায় ফেরার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে।

স্পোর্টস ডেস্ক