বিশ্বকাপে আজ বাংলাদেশের সামনে ভারত
ছন্দে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত দুটি জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল বাংলার বাঘিনীরা। লক্ষ্য পূরণ হয়েছে। নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়ে ইতোমধ্যে দুই জয় পেয়েছে বাংলাদেশ। এবার সামনে তাকানোর পালা। সেখানে আজ বৃহস্পতিবার (২৫ জুন) লাল-সবুজের প্রতিনিধিরা মুখোমুখি হবে ভারতের।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে বাংলাদেশের এটি চতুর্থ ম্যাচ।
গ্রুপ ১-এ তিন ম্যাচ শেষে দুদলই জিতেছে সমান দুটি করে ম্যাচ। রানরেটে এগিয়ে থাকায় ভারত আছে তালিকার দুইয়ে, বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই গ্রুপে চার ম্যাচে চার জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রতি গ্রুপে থাকা ছয় দল থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনালে।
ভারতের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের অনুকূলে নেই। শেষ ৫ দেখাতেই হেরেছে বাংলাদেশ। সার্বিক লড়াইয়েও পিছিয়ে নিগার-নাহিদারা। ১৯ দেখায় কেবল একবারই ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ।
চলমান বিশ্বকাপে অবশ্য আত্মবিশ্বাসী বাংলাদেশ। দুই জয়ে বেশ উদ্দীপ্ত দল। ভারতের বিপক্ষে তাই ভিন্ন এক বাংলাদেশকে দেখা যেতে পারে, নিজেদের দিনে যারা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে।

স্পোর্টস ডেস্ক