নেইমার কি ব্রাজিলের একাদশে থাকছেন? যা জানা গেল
মরক্কোর বিপক্ষে হোচট খাওয়ার হাইতির বিপক্ষে নিজেদের খুঁজে পেয়েছে ব্রাজিল। এবার শেষ ম্যাচে লক্ষ্য স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ-৩২ এ জায়গা করে নেওয়া।
সেই লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে শুরু হবে এই গুরুত্বপূর্ণ লড়াই। ‘সি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে সেলেসাওদের জন্য এই ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং।
ম্যাচটি সামনে রেখে দলের শুরুর একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো এস্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, রাফিনিয়ার জায়গায় বোর্নমাউথের তরুণ স্ট্রাইকার রায়ানকে দেখা যেতে পারে।
এদিকে, কার্ড সমস্যার কারণে ক্যাসেমিরো ও ডগলাস সান্তোস কিছুটা ঝুঁকিতে আছেন। আজ তাদের কেউ হলুদ কার্ড দেখলে পরের রাউন্ডে খেলতে পারবেন না। তবুও দলের মুল শক্তি নিয়েই মাঠে নামতে চান আনচেলত্তি।
সবচেয়ে বড় প্রশ্ন নেইমারকে নিয়ে। চোট কাটিয়ে নেইমার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করলেও, তাকে আজকের ম্যাচে শুরুর একাদশে রাখার সম্ভাবনা নেই। কোচ আনচেলত্তি মূলত দ্বিতীয় রাউন্ডকে কেন্দ্র করেই তাকে প্রস্তুত করছেন।
তবে সুখবর হলো, নেইমার এখন ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট। তাই এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে তাকে মাঠে দেখার ভালো সম্ভাবনা রয়েছে।
গ্রুপের বর্তমান পয়েন্ট টেবিলে ব্রাজিল ও মরক্কো— দুই দলেরই পয়েন্ট সমান ৪। গোল ব্যবধানে ব্রাজিল (+৩) মরক্কোর (+১) চেয়ে এগিয়ে আছে। একই সময়ে মরক্কো খেলবে হাইতির বিপক্ষে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলের জয় তো বটেই, পাশাপাশি গোল ব্যবধানের দিকেও নজর রাখতে হবে সেলেসাওদের।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান বেশ ভালো। এখন পর্যন্ত দুই দল ১০ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ৮টিতেই জয় পেয়েছে ব্রাজিল। বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।
ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ
অ্যালিসন, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকুয়েতা, রায়ান, ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়াস জুনিয়র।

স্পোর্টস ডেস্ক