পর্তুগালের একাদশে কি রোনালদো নেই, কী বলছেন কোচ?
কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিষ্প্রভ মনে হওয়ায় অনেকেই তাকে শুরুর একাদশের বাইরে রাখার পরামর্শ দিয়েছেন। তবে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস এসব আলোচনা আমলে নিতে নারাজ।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (২৩জুন) উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোনালদোর পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছেন মার্তিনেস। তার মতে, গোল করার ক্ষেত্রে এখনো পর্তুগালের সবচেয়ে বড় ভরসা রোনালদো।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে রোনালদোর গুরুত্ব তুলে ধরে মার্তিনেস বলেন, ‘আমরা এমন একটি দল, যারা বলের দখল ধরে রাখতে পছন্দ করি। রক্ষণ সামলে দ্রুত প্রতিক্রিয়া দেখাই এবং প্রতি-আক্রমণে যেতে চাই। এজন্য এমন একজন খেলোয়াড় প্রয়োজন, যার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করবে। ক্রিস্টিয়ানো এই কাজের জন্য সেরাদের একজন।’
শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরে রোনালদোর প্রভাবের কথাও উল্লেখ করেছেন পর্তুগাল কোচ। তার ভাষ্য, ‘সে এমন একজন খেলোয়াড়, যে দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলছে এবং যার হয়ে কথা বলা যায়। সে প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করে। দলের জন্য সত্যিকার অর্থেই সে একজন রোল মডেল।’
‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে পর্তুগাল। অন্যদিকে, উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে কলম্বিয়া। ফলে নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের গুরুত্ব ভালোভাবেই জানেন মার্তিনেস।
পর্তুগাল কোচ বলেন, ‘দলের মধ্যে কিছুটা হতাশা আছে। তবে আমার বিশ্বাস, উজবেকিস্তানের বিপক্ষে আমরা একটি দল হিসেবে নিজেদের সেরাটা দেখাতে পারব। ৯০ মিনিটজুড়ে সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার জন্য খেলোয়াড়রা প্রস্তুত।’

স্পোর্টস ডেস্ক