রেকর্ড গড়ার মঞ্চে মেসি, নকআউটে চোখ আর্জেন্টিনার
২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ (২২ জুন) ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এই ম্যাচে জয় পেলেই লিওনেল স্কালোনির শিষ্যদের কাতার বিশ্বকাপের পর আরও একবার টুর্নামেন্টের নকআউট বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ সময় আজ রাতে মাঠে গড়াবে হাইভোল্টেজ এই ম্যাচটি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে দলের মহাতারকা লিওনেল মেসি এক অনবদ্য হ্যাটট্রিক করে নিজের দুর্দান্ত ফর্মের জানান দিয়েছেন। বর্তমানে ৩ পয়েন্ট এবং সুবিধাজনক গোল ব্যবধান নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা।
মেসির সামনে ক্লোসার রেকর্ড ভাঙার হাতছানি ৩৮ বছর বয়সী লিওনেল মেসির সামনে আজ রয়েছে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শের সুযোগ।
বিশ্বকাপে এ পর্যন্ত মেসির মোট গোল সংখ্যা ১৫টি। আজ অস্ট্রিয়ার জালে আর মাত্র একবার বল পাঠাতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) রেকর্ড।
আর জোড়া গোল করতে পারলে ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে ইতিহাসের চূড়ায় বসবেন এই আর্জেন্টাইন জাদুকর। তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের নকআউট পর্ব নিশ্চিত করাই আজ মেসির প্রধান লক্ষ্য।
দুর্দান্ত ফর্মে আলবিসেলেস্তেরা কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা দল বর্তমানে উড়ছে। নিজেদের শেষ ৮টি আন্তর্জাতিক ম্যাচের সবকটিতেই জিতেছে তারা, যার মধ্যে মাত্র দুটি ম্যাচে তারা গোল হজম করেছে।
আজকের ম্যাচে জয় পেলে বিশ্বকাপে এটি হবে আর্জেন্টিনার টানা অষ্টম জয়।
সহজ প্রতিপক্ষ নয় অস্ট্রিয়া অন্যদিকে, অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। জর্ডানের বিপক্ষে ম্যাচটিতে বেশ কষ্ট করতে হলেও মার্কো আরনাউটোভিচের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জয় নিশ্চিত করে রালফ রাঙ্গনিকের দল।
১৯৮২ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে অস্ট্রিয়ার সামনে। রক্ষণভাগে বেশ শক্তিশালী অস্ট্রিয়া তাদের শেষ ১৮ ম্যাচের মধ্যে মাত্র একটিতে একের বেশি গোল হজম করেছে। ফলে মেসি-মার্টিনেজদের জন্য আজ বড় পরীক্ষা দিতে হবে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে এর আগে মাত্র দুবার দেখা হয়েছে। ১৯৮০ সালে আর্জেন্টিনা ৫-১ ব্যবধানে জিতলেও, ১৯৯০ সালের প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ:
এই ম্যাচে ইনজুরি শঙ্কার কারণে আর্জেন্টিনার রাইট-ব্যাক গঞ্জালো মনতিয়েলের জায়গায় নাহুয়েল মলিনা খেলতে পারেন। সেন্ট্রাল ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের জুটি থাকার সম্ভাবনাই বেশি। অন্যদিকে অস্ট্রিয়ার ডিফেন্ডার স্টিফান পশ চোয়ালের ইনজুরির কারণে আজ মাঠের বাইরে থাকতে পারেন, তার বদলে খেলতে পারেন কনরাড লাইমার।
আর্জেন্টিনা : মার্টিনেজ (গোলরক্ষক), মলিনা, রোমেরো, লি. মার্টিনেজ, মেদিনা, ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আলমাদা, মেসি, লাউতারো মার্টিনেজ।
অস্ট্রিয়া : এ শ্লাগার (গোলরক্ষক), লাইমার, লিয়েনহার্ট, আলাবা, মুয়েনে, সাইওয়াল্ড, এক্স শ্লাগার, শ্মিড, চুকউয়েমেকা, সাবিতজার, কালাজডজিক।

স্পোর্টস ডেস্ক