মেসির দলে যোগ দিচ্ছেন কাসেমিরো
লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যাওয়া এই তারকা শেষ পর্যন্ত মেজর লিগ সকারের ক্লাবটিকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন।
দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ইন্টার মায়ামির প্রস্তাবে সম্মতি দিয়েছেন কাসেমিরো। চলমান ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে যোগ দেবেন তিনি।
কাসেমিরোকে দলে ভেড়াতে যুক্তরাষ্ট্রের আরেক ক্লাব এলএ গ্যালাক্সি এবং সৌদি প্রো লিগের কয়েকটি দলও আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত মেসির সঙ্গে খেলার সুযোগ এবং মায়ামির দীর্ঘমেয়াদি পরিকল্পনাই তাকে আকৃষ্ট করেছে বলে জানা গেছে।
গত মৌসুম শেষে স্প্যানিশ কিংবদন্তি সার্জিও বুসকেতস অবসরে যাওয়ার পর থেকেই মাঝমাঠে ভুগছিল ইন্টার মায়ামি। ডেভিড আয়ালা ও ইয়ানিক ব্রাইট প্রত্যাশা পূরণ করতে না পারায় অভিজ্ঞ একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে ছিল ক্লাবটি। সেই প্রয়োজন মেটাতেই কাসেমিরোকে দলে আনার উদ্যোগ নেয় মায়ামি।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে সফল ক্যারিয়ার গড়া কাসেমিরো পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ইন্টার মায়ামির মাঝমাঠে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।
এদিকে বিশ্বকাপের পর এমএলএসে আরও কয়েকজন তারকা ফুটবলারের যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ফরাসি ফরোয়ার্ড অ্যান্টোইন গ্রিজম্যান অরল্যান্ডো সিটির সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। এছাড়া বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কিকেও শিকাগো ফায়ারে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে।
মেসি, সুয়ারেজ, আলবা ও কাসেমিরোকে নিয়ে নতুন মৌসুমে আরও শক্তিশালী দল গড়ার পথে এগিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি। নতুন এই সংযোজন ক্লাবটির শিরোপা জয়ের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

স্পোর্টস ডেস্ক